২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত ‌‘চিন্তাবিদের’ তালিকায় ৬ষ্ঠ মালালা!

ফরেন পলিসি ম্যাগাজিনের শীর্ষ শত চিন্তাবিদের তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছেন পাকিস্তানের কিশোরী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 04:23 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরেন পলিসি ম্যাগাজিনের শীর্ষ শত চিন্তাবিদের তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছেন পাকিস্তানের কিশোরী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। এ তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও দেশটির প্রেসিডেন্ট থিয়েন শিয়েন। তালিকায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যৌথভাবে ৩য় স্থানে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মিলিন্ডা গেটস রয়েছেন ৫ম স্থানে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন ৭ম স্থানে। বুকারজয়ী সাহিত্যিক সালমান রুশদি এই তালিকায় ৩৩তম স্থান লাভ করেছেন। স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানকেই বাৎসরিক এই তালিকার জন্য বিবেচনা করা হয়। ১৫ বছর বয়সী মালালা পাকিস্তানিদের তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করেছেন। তালেবান দেশটিতে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে মালারা তার প্রতিবাদ করেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় চলতি বছরের অক্টোবরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তালেবান জঙ্গিরা। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ মালালাকে গুরুতর অবস্থায় লন্ডনের বার্মিংহামে এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ ঘ.