কায়রো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন ডিক্রি জারির ফলে সৃষ্ট সঙ্কট সামাল দিতে মিশরের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে বসবেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুরসি। ডিক্রিটি জারি করে প্রেসিডেন্ট বিচারকদের ক্ষমতার সীমা অধিগ্রহণ করছেন অভিযোগ করে ধর্মঘট শুরু করেছিলেন বিচারকেরা।
সোমবার বিচারকদের সংগঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সঙ্গে মুরসি বৈঠকে বসবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
সাময়িকভাবে ক্ষমতার সীমা বর্ধিত করে ও প্রেসিডেন্টের সিদ্ধান্তকে আইনি ছাড় দিয়ে বৃহস্পতিবার একটি নতুন ডিক্রি জারি করেন মুরসি। এতে তার বিরুদ্ধে নতুন একনায়ক হওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।
ডিক্রিটির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শুক্রবার থেকে এ পর্যন্ত ১ জন নিহতসহ ৫শ’রও বেশি মানুষ আহত হয়েছে।
চলতি বছর মিশরের প্রথম গণতান্ত্রিক পার্লামেন্ট নির্বাচনে ও প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে মুরসির মুসলিম ব্রাদারহুড। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের জমানার পর নতুন গণতান্ত্রিক মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রভাব বৃদ্ধির চেষ্টায় উদ্বিগ্ন দেশটির বিরোধী দলগুলো।
রোববার নীলনদ তীরবর্তী শহর দামানহুরে ব্রাদারহুডের কার্যালয়ে মুরসিবিরোধীদের হামলায় তাদের এক কর্মী নিহত ও অপর ৬০ জন আহত হয়।
মুরসিবিরোধীরা নতুন এই ডিক্রিটির সম্পূর্ণ প্রত্যাহার চায়। এ লক্ষ্যে গত কয়েকদিন ধরে কায়রোর মুবারকবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে রাতদিন টানা বিক্ষোভ করে যাচ্ছে তারা। প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটছে।
মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রোববার থেকে ধর্মঘট শুরু করেছিল।
কিন্তু ক্রমবর্ধমান সহিংস পরিস্থিতি এড়াতে সরকারের সঙ্গে সমঝোতা করার ইঙ্গিত দিয়েছে জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিল বলেছে, মুরসির ডিক্রিটি শুধুমাত্র “সার্বভৌম বিষয়গুলোতে” প্রয়োগ করা উচিত। এই বক্তব্যের মাধ্যমে কাউন্সিল পরিষ্কার করেছে ডিক্রিটি তারা প্রত্যাখ্যান করছে না।
ধর্মঘটে যাওয়া বিচারক ও আইনজীবীদেরও কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে জুডিশিয়াল কাউন্সিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৬ ঘ.
bdnews24