জেরুজালেম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল আবিবে বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দেশটির পুলিশ বিভাগ জানায়, বুধবার রাতে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সন্দেহভাজন আরব-ইসরায়েলি ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ওই ব্যক্তিকে বোমাটি বাসে রেখে দেয়ার জন্য নিযুক্তকারী সন্দেহে ইসরায়েল অধিকৃত পশ্চিমতীর থেকে হামাস ও অন্যান্য ইসলামি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফিল্ড।
তবে আটককৃতদের নাম বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি।
রোসেনফিল্ড বলেন, গ্রেপ্তারকৃত আরব-ইসরায়েলি ব্যক্তিটি বোমা বাসে রেখে দেয়ার পরে পশ্চিমতীরে অবস্থানরত নিযুক্তকারীদের জানালে মোবাইল ফোনের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
ইতোমধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেট এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় তদন্ত এখনো চলছে এবং গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিমতীর থেকে অন্তত ৫৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন ফিলিস্তিনি সংগঠনের ‘জ্যেষ্ঠ কর্মকর্তারাও’ রয়েছেন।
যুদ্ধবিরতির পরে উত্তেজনা প্রশমনের ব্যাপারেও এ বিবৃতিতে জোর দেয়া হয়।
গত ১৪ নভেম্বর থেকে ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার ইসরায়েল সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে পাল্টা রকেট হামলা চালায় হামাস।
আট দিন ধরে সংঘাত অব্যাহত থাকার পর মিশরের মধ্যস্থতায় বুধবার রাত থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫৭ ঘ.
bdnews24