২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গর্ভাবস্থায় হাইও তোলে শিশুরা’

গর্ভে শিশুর ঘুম পেলে হাই তোলে না, বরং হাই তোলার সঙ্গে তার মস্তিষ্কের পরিণত হওয়া ও বৃদ্ধির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

লন্ডন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাতৃগর্ভে ভ্রƒণ থেকে পরিপূর্ণ মানবশিশুতে পরিণত হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার সময় শিশুরা হেঁচকি তোলে, ঢোক গিলে এবং আড়মোড়া ভাঙ্গে বলে জানা গিয়েছিল আগেই। সম্প্রতি প্রমাণ পাওয়া গেছে, গর্ভে থাকা অবস্থায় শিশুরা হাইও তোলে। গর্ভে থাকা ১৫টি সুস্থ শিশুর চতুর্মাত্রিক আল্ট্রাসনিক স্ক্যানের ফলাফল পর্যবেক্ষণ করে সম্প্রতি এ তথ্য জানিয়েছেন গবেষকরা। গর্ভে শিশুর স্বাস্থ্য ও বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণে চতুর্মাত্রিক আল্ট্রাসনিক স্ক্যান ব্যবহার করে থাকেন চিকিৎসকরা। যুক্তরাজ্যের ‘প্লস ওয়ান’ জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে কয়েকজন বিজ্ঞানী শিশুরা গর্ভাবস্থায় হাই তোলে বলে দাবি করলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। গর্ভাবস্থার এই হাই তোলার ঘটনাগুলোকে নিছক ‘মুখ খোলা ও বন্ধ করা’ বলে উড়িয়ে দিয়েছিলেন বেশিরভাগ চিকিৎসক। প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষণে অন্তর্ভুক্ত হওয়া গর্ভে থাকা শিশুগুলো কত সময় ধরে মুখ খোলা রেখেছিলো এবং মুখ কতো বেশি খুলেছিলো তার ওপর ভিত্তি করে হাই তোলা ও নিছক ‘মুখ খোলা ও বন্ধ করা’র ঘটনা পৃথক করেছেন পর্যবেক্ষকরা। গবেষণার প্রধান ডারহাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নাদিয়া রিসল্যান্ড বলেন, ‘গর্ভে শিশুর ঘুম পেলে হাই তোলে না, বরং হাই তোলার সঙ্গে তার মস্তিষ্কের পরিণত হওয়া ও বৃদ্ধির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।’ গবেষণায় গর্ভে থাকা ২৪ থেকে ৩৬ সপ্তাহ বয়সী আটটি মেয়ে শিশু ও সাতটি ছেলে শিশুকে পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, ২৮ সপ্তাহের পর থেকে তাদের হাই তোলা কমতে শুরু করে। মেয়ে ও ছেলে শিশুর ক্ষেত্রে হাই তোলার প্রবণতার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। বিডিনিউজ টোয়েনিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১১১ ঘ.