তুরস্ক, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লড়াইবিক্ষুদ্ধ সিরিয়া থেকে সীমান্তের সুরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য তুরস্কের অনুরোধ নেটো বিবেচনা করে দেখছে। নেটো সামরিক জোট প্রধান আন্দ্রে ফ রাসমুসেন একথা জানিয়েছেন।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই বলেছেন, নেটো সদস্য তুরস্কের ওই অনুরোধ রাখা হবে।
গত মাসে কয়েকবার সিরিয়ার মর্টার গোলার জবাবে তুরস্কের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে। সিরিয়ার গোলা হামলায় ৫ তুর্কি নিহত হওয়ার পর তুরস্ক এ পাল্টা হামলা শুরু করে।
এ পরিস্থিতিতে তুর্কি সীমান্তের সুরক্ষায় নেটো তুরস্কের অনুরোধ মেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ করলে তা হবে জোটের একতারই সুষ্পষ্ট লক্ষণ।
আর এর মধ্য দিয়ে সিরিয়াও স্পষ্টত এ সতর্কবার্তা পাবে যে, তাদের লড়াই সীমানা পেরিয়ে তুরস্কের মাটিতে যাওয়া সমীচীন হবে না।
প্যাট্রিয়ট একটি অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম। সিরিয়ার আকাশসীমায় অনায়েসেই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব।
তবে নেটো মহাসচিব রাসমুসেন বলেছেন, কেবলমাত্র ‘আত্মরক্ষার’ খাতিরেই এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তাভাবনা করা হচ্ছে।
রাসমুসেন আরো বলেন, নেটো সদস্যদেশ তুরস্কের কাছ থেকে তিনি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ সম্বলিত একটি চিঠি পেয়েছেন।
“এ পদক্ষেপ নেয়া হলে তা তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। আর এতে করে নেটোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত সঙ্কটমুক্ত হবে”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২০ঘ.
bdnews24