ইসলামাবাদ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার আসামি মো. আজমল কাসবের ফাঁসির বদলা নিতে ভারতীয়দের ওপর হামলার হুমকি দিয়েছে তালেবান।
বৃহস্পতিবার পাকিস্তানি তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান টেলিফোনে রয়টার্সকে বলেন, “আজমল কাসবকে হত্যার প্রতিশোধ নিতে আমরা ভারতীয়দের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”
কাসবের মৃতদেহ ফেরত চেয়ে তিনি বলেন, “তারা যদি তার (কাসবের) মৃতদেহ আমাদের বা তার পরিবারের কাছে ফেরত না দেয় তাহলে আমরাও ভারতীয়দের ধরব এবং তাদের দেহ ফেরত দেব না।”
‘যে কোনো স্থানে’ ভারতীয় লক্ষ্যবস্তুতে আক্রমণের চেষ্টা চলবে বলেও হুমকি দেন তিনি।
বুধবার সকাল সাড়ে ৭টায় ভারতের মহারাষ্ট্রের পুনের ইয়েরাওয়াদা কারাগারে কাসবের ফাঁসি কার্যকর করা হয়। পরে সেখানেই তাকে সমাহিত করা হয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল, রেল স্টেশনসহ কয়েকটি স্থানে হামলা চালায় লস্কর- ই- তৈয়বার জঙ্গিরা। ওই হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন।
তখন নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ হামলাকারীও মারা যায়। ওই ঘটনায় কেবল কাসবই আহত অবস্থায় ধরা পড়েন।
আদালতে ৮০টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১০ সালের মে মাসে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয় আদালত।
সর্বোচ্চ আদালত তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর ভারতীয় রাষ্ট্রপতিও ওই আবেদন প্রত্যাখ্যান করেন।
তিনদিন ধরে চলা ওই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধাবস্থা তৈরি হয়। চলমান দ্বিপক্ষীয় সব আলোচনাও স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪০২ ঘ.
bdnews24