২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আফিম চাষ বাড়ছে: জাতিসংঘ

আফগানিস্তানে আফিমের চাষ চলতি বছর ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ হারকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে আফগান সরকারকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কাবুল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে আফিমের চাষ চলতি বছর ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ হারকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে আফগান সরকারকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে। তবে আফিমের মোট উৎপাদন প্রায় ৩৬ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, আফিম চাষ বেড়ে যাওয়ার কারণ মূলত আফিমের চড়া মূল্য এবং আফিম বাণিজ্য নিয়ন্ত্রণে দেশটির সরকারি সংস্থাগুলোর একসঙ্গে কাজ করতে না পারা। তবে এতে আরো বলা হয়, চাষের হার বৃদ্ধি পেলেও ফসলে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ এবং খারাপ আবহাওয়ার কারণে আনুমানিক ৩ হাজার ৭শ’ টন আফিম নষ্ট হয়েছে যা মোট উৎপাদনের ৩৬ শতাংশ। ২০১২ সালে প্রাথমিক অবস্থায় ক্ষেত থেকে কিনে আনা আফিমের মূল্য ৪৯ শতাংশ কমেছে। এর মোটমূল্য ছিলো ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার যা আফগানিস্তানের ক্ষুদ্র র্অর্থনীতির ৪ শতাংশ। পশ্চিমা বিশ্বের ধারণা আফিম বাণিজ্য আফগানিস্তানে তালেবান বাহিনীর অর্থায়নের মূল উৎস। বিশেষজ্ঞদের মতে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোবাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরেই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আফিমের চাষ ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের আবাসিক প্রতিনিধি জ্যঁ-লুক লেমাহিউ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আফগান সরকারের বিভিন্ন সংস্থা যদি একসঙ্গে কাজ না করে তাহলে আগামী বছর আফিম চাষের বিস্তার দ্বিগুণ হতে পারে। এটি বেশ আশঙ্কাজনক ব্যাপার।’ প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে উৎপাদিত ৯৬ শতাংশ আফিম দক্ষিণ ও পশ্চিমের নয়টি প্রদেশে উৎপাদিত হয়। তালেবান বাহিনীই এসব প্রদেশের চাষীদের আফিম চাষে উৎসাহ যুগিয়ে আসছে বলে ধারণা করা হয়। গতবছর জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়, আফিম বাণিজ্য থেকে অন্তত ৭০ কোটি ডলার আয় করেছে তালেবান বাহিনী। আফিম চোরাচালানের ফলে মোট আয় হয়েছে কয়েকশ’ কোটি ডলার। আফগান মাদকবিরোধী মন্ত্রণালয়ের মন্ত্রী জারার আহমাদ মুকবেল ওসমানি বলেন, রাজনৈতিকভাবে এ সমস্যা সমাধানে সদিচ্ছা রয়েছে, তবে ‘রাষ্ট্রীয়ভাবে বিকল্প আয়ের ব্যবস্থায় নেয়া কার্যক্রমগুলো দুর্বল হওয়ায় এবং আফিমবিরোধী প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়ন না করায় তা ব্যর্থ হয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১২৫ ঘ.