ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পাটনায় গঙ্গার তীরে ষষ্ঠী উৎসবে আসা পূণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়িতে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহতদের ১৭ জনই শিশু। এতে আহত হয়েছে কয়েক ডজন মানুষ।
সোমবার এই ঘটনা ঘটে বলে এনডিটিভিসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।
তবে পাটনার জেলা ম্যাজিট্রেট সঞ্জয় কুমার জানিয়েছেন নিহতের সংখ্যা ১৫। তিনি বলেন, “১৫ জন নিহত হয়েছে। রাতেই তাদের ময়নাতদন্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ৯ জনই শিশু।”
এতে আহত অনেককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
গঙ্গায় নেমে সূর্যাস্তকে ঘিরে ধর্মীয় প্রার্থনা শেষে পূণ্যার্থীরা ফেরার সময় একটি সাঁকো ভেঙ্গে পড়লে অপর একটি সাঁকো লক্ষ করে লোকজন ছোটাছুটি শুরু করলে এই ঘটনা ঘটে।
জানা যায়, পাটনার মাহেন্দ্র ঘাট দিয়ে একটি সাঁকো পার হওয়ার সময় সেটি মানুষের ভারে ভেঙে পড়ে। পূণ্যার্থীরা অর্ধ কিলোমিটার দূরবর্তী অপর একটি সাঁকোর উদ্দেশ্যে দ্রুত যাত্রা শুরু করলে সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
ষষ্ঠী উৎসব ভারতে স্থানীয়ভাবে ছট পূজা বলে পরিচিত। এই পূজায় গঙ্গার ঘাটে অসংখ্য মানুষ জড়ো হয়।
ইতোমধ্যে এই মর্মান্তিক ঘটনা তদন্তে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার নির্দেশ দিয়েছে। এ ছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯১২ ঘ.
bdnews24