বেইজিং, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে দুর্নীতি সামলানো না গেলে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বড় ধরনের অস্থিরতার ঝুঁকিতে পড়বে এবং শাসনক্ষমতার পতন ঘটবে বলে হুঁশিয়ার করেছেন নতুন নেতা শি জিনপিঙ।
কমিউনিস্ট পার্টি প্রধান হওয়ার পর প্রথম এক গুরুত্বপূর্ণ বৈঠকে শি একথা বলেন। শি’র সপ্তাহান্তের এ বক্তব্য সোমবার প্রকাশ করেছে সিনহুয়া বার্তা সংস্থা।
নতুন ২৫ সদস্যের পলিটব্যুরোর বৈঠকে এ বক্তব্যে শি বলেন, দলকে দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
সাম্প্রতিক সময়ে বহু দেশেই দুর্নীতির কারণে বড় ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়ে সরকার পতন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
আর সে কারণেই চীনে ক্রমেই বাড়তে থাকা দুর্নীতির সমস্যা মোকাবেলায় কর্মকর্তাদেরকে সংগ্রাম করে যেতে হবে। নইলে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার ঝুঁকি থেকে যাবে বলে শি সতর্ক করে দেন।
তবে দুর্নীতি সামাল দিতে কি করণীয় সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেননি তিনি।
শি কেবল বলেন, “বাস্তবিক নানা ঘটনা আমাদেরকে বলে দিচ্ছে যে, দুর্নীতির সমস্যা আরো মারাত্মক আকার ধারণ করলে দল এবং সেইসঙ্গে দেশও ধ্বংসের মুখে পড়বে।
“সাম্প্রতিক কয়েক বছরে আমাদের দলের ভেতর নিয়মানুবর্তিতা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। এর স্বরূপ খুবই খারাপ। রাজনীতিতে এর ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়ে তা বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে,” বলেন তিনি।
সদ্য সমাপ্ত কংগ্রেসে চীনা কম্যুনিস্ট পার্টির নতুন নেতা হন শি জিনপিঙ। তিনি চীনের আগামী প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৯ঘ.
bdnews24