আমস্টার্ডাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় ন্যাটোর মিত্র তুরস্ককে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে নেদারল্যান্ডস ও জার্মানি।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে এএনপি সংবাদ রোববার এ খবর জানায়।
তুরস্ক জানিয়েছে, সিরিয়ার সঙ্গে থাকা ৫৬০ মাইল দীর্ঘ সীমান্ত সুরক্ষায় করণীয় সম্পর্কে তারা ন্যাটোর মিত্রদের সঙ্গে জোর আলোচনা চালিয়েছে। সিরিয়া থেকে নিক্ষিপ্ত গোলা তুরস্কের ভূমিতে আঘাত হানার পরই তারা এই উদ্যোগ গ্রহণ করলো।
ডাচ প্রতিরক্ষামন্ত্রী জেনাইন হেনিস প্ল্যাসচ্যার্ট বলেন, “ন্যাটো হাত-পা গুটিয়ে বসে থাকার জন্য নয়।”
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “কোনো অনুরোধ আসেনি। কিন্তু ইউরোপে নেদারল্যান্ডস ও জার্মানির কাছেই কেবল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে।”
ডাচ প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তায় জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তুরস্ককে ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার ব্যাপারে কথা বলেছেন বলে এএনপি জানিয়েছে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার জানান, তুরস্কের পক্ষ থেকে কোনো অনুরোধ আসলে এবং যুক্তরাষ্ট্র তা নিশ্চিত করলে বিষয়টি ন্যাটো বিবেচনা করবে। অন্যান্য আরো কয়েকটি দেশের মতো জার্মানি ও নেদারল্যান্ডর্সের কাছেও পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে।
সিরিয়ার সঙ্গে থাকা নিজেদের সীমানায় ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য সোমবার তুরস্ক ন্যাটোর কাছে আনুষ্ঠানিক আবেদন জানাবে। জার্মানির একটি সংবাদপত্র শনিবার এই তথ্য জানিয়েছে।
ন্যাটো জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে তারা পদক্ষেপ নেবে। ন্যাটোর কূটনীতিকরা তুরস্কের যেকোনো অনুরোধ বিবেচনা করবে বলেও জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৫ ঘ.
bdnews24