গাজা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় রোববার ৪ শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
৫ দিনের গাজা-ইসরায়েল লড়াইয়ে একদিনে নিহতের সংখ্যা এটিই সবচেয়ে বেশি।
এক হামাস কর্মকর্তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদদাতারা।
হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একটি তিনতলা আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এতে ১১ জন নিহত হয়। তাদের সবাই বেসামরিক নাগরিক। এদের মধ্যে ৪ জন শিশু এবং ৪ জন নারী।
ইসরায়েলের মন্ত্রণালয় থেকে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অভিযান জোরদার করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইতোমধ্যেই।
ইসরায়েলের বিমান হামলায় রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা মোট ১৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর মধ্যে ৯ জনই শিশু।
কর্মকর্তারা বলছেন, গত বুধবার গাজা-ইসরায়েল লড়াই শুরুর পর থেকে এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে, বৃহস্পতিবার নিহত হয়েছে তিন ইসরায়েলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫০ঘ.
bdnews24