২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস্ত্রির অভাবে বিদ্যুৎ পায়নি লাখো স্যান্ডি দুর্গত

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক শহরের প্রায় ৪০ হাজার বাড়িতে এখনো বিদ্যুৎ যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক শহরের প্রায় ৪০ হাজার বাড়িতে এখনো বিদ্যুৎ যায়নি। ঘূর্ণিঝড় আঘাত হানার পর দুই সপ্তাহেরও বেশি পার হলেও বৈদ্যুতিক মিস্ত্রির অভাবে নিউ ইয়র্কের এসব বাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি। গত ২৯ অক্টোবর ঘণ্টায় ৯০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় স্যান্ডি, ক্ষতিগ্রস্ত হয় ২৪টি স্টেট। এই ঝড়ে নিহত হয় শতাধিক মানুষ। ঝড়ো বাতাসের সঙ্গে ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্ক শহরের নিচু এলাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিউ ইয়ক, নিউ জার্সিসহ বিভিন্ন এলাকার কয়েক লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নিউ ইয়র্ক শহরের প্রায় সব রাস্তায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে দুর্ঘটনায় আশঙ্কায় ওই বাড়িতে সংযোগ দেয়া হয়নি। নিউ ইয়র্ক শহরের মেয়র মিশেল ব্লুমবার্গ পরিস্থিতির উন্নয়নে গত শুক্রবার ‘দ্রুত পুনর্গঠন’ কার্যক্রম ঘোষণা করেছেন। এর আওতায় কেন্দ্রীয় জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা সংস্থাকে দুর্গতদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ মিস্ত্রি পাঠানোর অনুরোধ করেছেন তিনি। তবে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে আসতে এখনো বেশ সময় লাগবে বলে জানিয়েছেন ব্লুমবার্গ। তিনি বলেন, “এ সংকট শেষ হতে কত সময় লাগবে তা এখনই বলা যাবে না।” মেয়রের মুখপাত্র গত মঙ্গলবার জানান, ‘দ্রুত পুনর্গঠন’ কর্মসূচির আওতায় কার্যক্রম মাত্র শুরু হয়েছে এবং এর আওতায় বিদ্যুৎ সংযোগ পেতে কতজন বাড়ির মালিক আবেদন করেছেন তা এখনো স্পষ্ট নয়। এই কর্মসূচির আওতায় বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনে নিয়োজিত এক শ্রমিক নেতা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে শহরের কয়েক লাখ অধিবাসীকে বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে দেয়ার জন্য প্রয়োজনীয় দক্ষ বিদ্যুৎ মিস্ত্রি নেই। নিউ ইয়র্কের সিনেটর মার্টিন গোল্ডেন বলেন, অল্প কয়েকজন লাইসেন্সধারী বিদ্যুৎ মিস্ত্রি ও সরঞ্জামের অপর্যাপ্ত সরবরাহ-দুটি নিয়েই নিয়েই তিনি উদ্বিগ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২৩৪ ঘ.