২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন বাল ঠাকরে

কট্টর সাম্প্রদায়িক অবস্থান আর মুখরা স্বভাবের জন্য অনেকের কাছে শিবসেনা নেতা অজনপ্রিয় হলেও মারাঠীরা তাকে বীর বলেই মানত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল শিব সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টায় মুম্বাইয়ে নিজ বাসভবনে শিব সেনা প্রধানের মৃত্যু হয় বলে তার চিকিৎসকরা জানান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। হিন্দুত্ববাদে কট্টর অবস্থান আর মুখরা স্বভাবের জন্য অনেকের কাছে শিবসেনা নেতা অজনপ্রিয় হলেও মারাঠীরা তাকে বীর বলেই মানত। ১৯৯৩ সালে মুম্বাইয়ে মুসলিমবিরোধী সহিংসতা উস্কে দেয়ার জন্য তাকে দায়ী করা হয়। হিন্দু-মুসলিমদের ওই দাঙ্গায় প্রায় নয় শতাধিক মানুষ নিহত হয়। বাইরের কারো মহারাষ্ট্রে বসতি গড়ে তোলা প্রতিহত করা এবং সেখানে ইসলাম ধর্মের প্রচার বন্ধের জন্য ১৯৯৬ সালে শিব সেনা প্রতিষ্ঠা করেন তিনি। রাজনৈতিক পরিচয়ের বাইরে কার্টুনিস্ট হিসেবেও স্বীকৃতি ছিল তার। শ্বাসকষ্ট ও কোষ্ঠকাঠিন্যের জন্য গত জুলাইয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন ঠাকরে। হাসপাতালে এক সপ্তাহ কাটানোর পর মুম্বাইয়ের মাতোশ্রীর বান্দ্রায় নিজ বাসভবনে ফিরে যান তিনি। তখন থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। এর আগে শিব সেনার মুখপাত্র সামা সাংবাদিকদের বলেন, “ঠাকরে সুস্থ হয়ে উঠছেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের যোদ্ধা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।” ঠাকরের মৃত্যুর গুজবে বৃহস্পতিবার স্তব্ধ হয়ে যায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। বুধবার বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে ঠাকরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরদিন সকালে মুম্বাইয়ের অনেক এলাকায় দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমে আসে শিবসেনা সমর্থকরা। শিবসেনার প্রতিষ্ঠাতা ও সভাপতি বাল ঠাকরে ভারতের রাজনীতিতে সবচেয়ে কট্টরপন্থী নেতাদের একজন। মুম্বাইয়ে একজন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব হলেও অভিবাসন, সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে তার বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ১৯৯৬ সালে থেকে মুম্বাইয়ের সিটি কাউন্সিলে নিয়ন্ত্রকের ভূমিকা রেখে আসছে শিবসেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮১৫ ঘ.