ইয়াঙ্গুন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে চলতি বছরের অক্টোবরে সংঘটিত জাতিগত ও সাম্প্রদায়িক সহিংসতার জন্য জাতীয়তাবাদী ও ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেইন।
পাশাপাশি ওই দাঙ্গার মূল কারণ উদঘাটনের প্রতিশ্র“তিও তিনি দিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় টেভিশনের উদ্যোগে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট থিয়েন এসব কথা বলেন।
এছাড়া জাতিসংঘে পাঠানো এক চিঠিতেও তিনি এসব কথা উল্লেখ করেন।
অক্টোবরের ২০ তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ওই দাঙ্গায় অন্ততপক্ষে ৮৯ জন নিহত হয়েছিল।
বৈঠকে সেইন বলেন, “জাতীয়তাবাদী ও ধর্মীয় উগ্রবাদীরা ওই অঞ্চলে সহিংসতা উস্কে দেওয়া পেছনে কাজ করেছে। তারা দৃশ্যের অন্তরালে থেকে দাঙ্গার প্রচারণা চালিয়ে ইন্ধন যুগিয়েছে।”
নির্দিষ্ট কাউকে চিহ্নিত না করে তিনি বলেন “এর পাশাপাশি, কিছু বিদেশি সংগঠন ও জাতি অতিরঞ্জিত খবর প্রচার করে দাঙ্গা আরো উস্কে দেওয়ার চেষ্টা করে।”
“বিভিন্ন দেশে প্রচলিত মানবাধিকার ও মানবার্ধিকার সংক্রান্ত প্রচলিত বিধিগুলো এখানে প্রয়োগ করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক সমাজে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণœ হবে,” বলেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকার, বৌদ্ধ ভিক্ষু ও অন্যান্য জাতি ও ধর্মের অনুসারীদের সমন্বয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল একটি সহনশীল সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক মিয়ানমার সফরের তিনদিন আগে রোহিঙ্গা-রাখাইন দাঙ্গার বিষয়ে প্রথমবারের মতো স্পষ্ট বক্তব্য দিলেন দেশটির প্রেসিডেন্ট।
রোববার থেকে শুরু হতে যাওয়া ওবামার দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরের অংশ হিসেবে ১৯ নভেম্বর তার মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।
রাখাইন রাজ্যে রোহিঙ্গারা সংখ্যালঘু ও রাখাইনরা সংখ্যাগুরু সম্প্রদায়। প্রতিবেশি এই দুই সম্প্রদায় জাতিগত পরিচয়ের মতো ধর্মীয় বিশ্বাসেও পরস্পর থেকে আলাদা।
ওই দাঙ্গা নিয়ে রয়টার্সের চালানো এক তদন্তে দেখা যায়, রাখাইন রাজ্যের একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত রাখাইন জাতীয়তাবাদীরা রোহিঙ্গাদের ওপর অত্যন্ত পরিকল্পিত আক্রমণ পরিচালনা করে। ওই জাতীয়বাদীদের সঙ্গে বৌদ্ধ ভিক্ষুু ও কিছু প্রত্যক্ষদর্শীর ভাষ্যনুযায়ী স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জড়িত ছিল।
মিয়ানমারের এমআরটিভি জানিয়েছে, দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১ হাজার ৮১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩১ ঘ.
bdnews24