ভিয়েনা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের একটি ভূগর্ভস্থ গবেষণাগারে পারমাণবিক কার্যক্রম দ্রুত বিস্তার করা হচ্ছে বলে জাতিসংঘের পর্যবেক্ষণকারী সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের ফর্দো এলাকায় এ ভূগর্ভস্থ গবেষণাগারটি অবস্থিত বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে জানানো হয়।
আইএইএ’র প্রতিবেদনে বলা হয়, একটি পাহাড়ের নিচে গড়ে তোলা ফর্দো পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য প্রায় দুই হাজার আটশ’ সেন্ট্রিফিউজ বসানো হয়েছে এবং এখন মাত্র সাতশ’ সেন্ট্রিফিউজ চালু থাকলেও তা দ্বিগুণ করতে অর্থাৎ এক হাজার চারশ’ সেন্ট্রিফিউজ চালু করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।
আন্তর্জাতিক আনবিক সংস্থার পর্যবেক্ষক দল সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “সেগুলো যে কোনো দিন চালু করা হতে পারে। সেগুলো প্রস্তুত রাখা হয়েছে।”
ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের তেজস্ক্রিয় পদার্থের মজুদ পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণে পৌঁছেছে।
২০১০ সালের পর থেকে ইরান ২৩৩ কিলোগ্রাম উন্নতমানের ইউরেনিয়াম উৎপাদন করেছে। এবছরের অগাস্ট মাসের পরেই ইরান ৪৩ কিলোগ্রাম ইউরেনিয়াম উৎপাদন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর মধ্যে ৯৬ কিলোগ্রাম ইউরেনিয়াম চিকিৎসা বিষয়ক গবেষণার জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, সংরক্ষিত এ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করা বেশ কঠিন ব্যাপার।
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে ইরান বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা এ কার্যক্রম চালাচ্ছে।
দ্বিতীয় মেয়াদে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ১০ দিনের মাথায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ প্রতিবেদনটি প্রকাশিত হলো। ইরানের পারমাণবিক কার্যকমে বাঁধা দিতে প্রতিবেশী দেশ ইসরায়েল সামরিক অভিযান চালানোর প্রস্তাব দিলেও তাতে সাড়া দেননি ওবামা।
দ্বিতীয় মেয়াদে ওবামা নির্বাচিত হওয়ার ফলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেয়ার সম্ভাবনা রয়েছে। তবে আইএইএ’র এ প্রতিবেদন প্রকাশ হওয়ায় এ উদ্যোগ বেশ কঠিন হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/এএইচ/১৬১৮ ঘ.
bdnews24