২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের সদর দপ্তরে ইসরায়েলি হামলা

হামলার আগেই ইসরায়েল গাজায় সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে ৭৫ হাজার রিজার্ভ সেনাকে সক্রিয় হওয়ার নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসরায়েলি আকাশ হামলার ধারাবাহিকতায় এবার আক্রান্ত হয়েছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাসের সদর দপ্তর। দপ্তরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার সকালে চালানো ওই হামলায় হামাসের সদর দপ্তর ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। শুক্রবার গাজা সফরে এই ভবনটি পরিদর্শন করে গেছেন মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল। একদিন পরেই ভবনটিতে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এই নিয়ে চতুর্থ দিনের মতো গাজায় হামলা চালালো ইসরায়েল। বুধবার ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার পর থেকে ইসরায়েল-হামাস পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৯ ফিলিস্তিনি ও তিন ইসরায়েলি নিহত হয়েছে। হামাসের দপ্তরে হামলার আগে ইসরায়েল গাজায় সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে ৭৫ হাজার রিজার্ভ সেনাকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে। আপাত শান্ত রাতের পর শনিবার ভোর থেকে আবার বড় বড় বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হতে শুরু করে গাজা শহর। রাতে পরিস্থিতি শান্ত থাকলেও সারারাত চালকবিহীন বিমানের (ড্রোন) আনাগোনা শোনা গেছে বলে জানিয়েছে গাজার বিবিসি প্রতিনিধি। ভোর ৫টার পর থেকে হামাসের কয়েকটি মন্ত্রণালয়ের ভবনসহ গাজা ও এর আশপাশের এলাকার বিভিন্ন লক্ষ্যে ধারাবাহিক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর থেকে তারা ৮৫টি লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী শিগগিরই স্থল অভিযান শুরু করতে যাচ্ছে বলে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েল থেকে গাজায় প্রবেশ করা একটি মহাসড়ক ও গাজার চারদিকে ঘিরে থাকা দুটি রাস্তায় বেসমরিক নাগরিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করে একটি ঘোষণা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট যুদ্ধপরিস্থিতিতে ইসরায়েল ১৬ হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানোর পর আরো ৭৫ হাজার রিজার্ভ সেনাকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি হামলায় বুধবার হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ জাবারি নিহত হওয়ার পর শুক্রবার আরো এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার কর্মকর্তারা। শুক্রবার ১৯৭০ সালের পর প্রথমবারের মতো ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক শহর জেরুজালেমে রকেট নিক্ষেপ করেছে হামাসের যোদ্ধারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৩ ঘ.