২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার পাশে থাকবে মিশর

ইসরায়েলের হামলার বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়েছেন মিশরের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসরায়েলের হামলার বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়েছেন মিশরের নেতারা। দু’পক্ষে তৃতীয়দিনের মতো সহিংসতা চলার মধ্যে মিশর এ সমর্থন দিল গাজাকে। মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, তিনি গাজাকে অরক্ষিতভাবে একলা ছেড়ে দেবেন না। মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল গাজার সফর করে ইসরায়েলকে ‘আগ্রাসন’ বন্ধের আহ্বান জানানোর কয়েকঘন্টা পর মুরসি এ প্রতিক্রিয়া জানালেন। কান্দিল শুক্রবার তিন ঘণ্টার জন্য গাজা সফরকালে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে কোনো সুযোগ কাজে লাগানোর ঘোষণা দেন। গাজা শাসনক্ষমতায় থাকা রাজনৈতিক দল হামাসের প্রতি সমর্থন জানাতে তিনি এ সফরে যান। ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলায় গাজায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার মুখেই সেখানে সফর করেন কান্দিল। কান্দিলের সফরের সময়টিতে গাজায় হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই শর্তে হামাসও ওই সময় ইসরায়েলে হামলা বন্ধ রাখতে একমত হয়। তবে মিশরের প্রধানমন্ত্রী সফরে থাকাকালেই উভয়পক্ষ পরস্পরকে এ শর্ত ভঙ্গের অভিযোগে দোষারোপ করতে শুরু করে। সফরে গাজার মূল প্রশাসনিক ভবন ‘কাউন্সিল অব মিনিস্টারস’ ও একটি হাসপাতাল পরিদর্শন করেন মিশরের প্রধানমন্ত্রী। তিনি গাজার হাসপাতালে পরিদর্শন করার সময়ও সেখানে এক ব্যক্তি ও একটি ছেলের লাশ নিয়ে আসা হয়, যারা কয়েক মিনিট আগেই ইসরায়েলের হামলায় নিহত হয় বলে জানানো হয়েছিল। এসময় হিশাম কান্দিল বলেন, ‘এ ‘আগ্রাসন’ বন্ধ করা এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে কোনো সুযোগই কাজে লাগাবে মিশর।’ এর আগে বৃহস্পতিবার রাতে গাজায় অন্তত ১৩০টি লক্ষ্যে আঘাত করে ইসরায়েলি বাহিনী। গাজা থেকেও অন্তত ১১টি রকেট ছোড়া হয়। গত গাজায় বুধবার জল, স্থল ও আকাশ থেকে একযোগে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের সামরিক শাখার প্রধানসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ছয়টি শিশু ও একজন সন্তানসম্ভবা নারীও রয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হামাসের নিক্ষেপ করা রকেটে ইসরায়েলের কিরিয়াত মালাচি শহরে তিনজন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯৫০ঘ.