২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সফরে মিশরের প্রধানমন্ত্রী

তার সফরকালে ইসরায়েল ও হামাস হামলা বন্ধ রাখার ব্যাপারে একমত হয়েছে। বিবদমান ওই দুই পক্ষের মধ্যে ভেঙ্গে পড়া যুদ্ধবিরতি আবার শুরু করা যায় কিনা সে বিষয়েও চেষ্টা চালাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

গাজা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাসের প্রতি সমর্থন জানাতে শুক্রবার গাজা সফরে গেলেন প্রধানমন্ত্রী হিশাম কান্দিল। ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলায় গাজায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার মুখেই সফর করছেন কান্দিল। মঙ্গল ও বুধবার পরপর দুইদিন গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার প্রধানসহ ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়। এদের ১২ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারীসহ ৬টি শিশুও রয়েছে। এর পরপরই জল, স্থল ও আকাশ থেকে গাজায় একযোগে সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ করে দুইটি রকেট নিক্ষেপ করে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস। গত ২০ বছরের মধ্যে তেল আবিবে এটাই প্রথম রকেট হামলা। একটি রকেট ভূমধ্যসাগরে ও অন্যটি তেল আবিবের বিরান এলাকায় বিস্ফোরিত হওয়ায় এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার সকালে হামাসের নিক্ষেপ করা অন্য একটি রকেটে ইসরায়েলের কিরিয়াত মালাচি শহরে তিনজন নিহত হয়। ইসরায়েলও সর্বাত্মক হামলা অব্যাহত রাখে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা ও আশাপাশের লক্ষ্যস্থলগুলোতে বোমবর্ষণ করে। ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ৩০ হাজার রিজার্ভ সেনাকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। এই যুদ্ধপরিস্থিতিতেই গাজায় যাচ্ছেন মিশরীয় প্রধানমন্ত্রী। গাজার প্রতি সমর্থন জানানোই তার এ সফরের লক্ষ্য বলে জানিয়েছে মিশরের কর্মকর্তারা। মিশরের প্রধানমন্ত্রীর সফরের সময় গাজায় হামলা বন্ধ রাখার প্রতিশ্র“তি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে ইসরায়েলের সঙ্গে হামাসের ভেঙ্গে পড়া যুদ্ধবিরতি আবার শুরু করা যায় কিনা প্রধানমন্ত্রী কান্দিল সে সম্ভাবনা খতিয়ে দেখবেন বলে জানিয়েছে একটি পক্ষ। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কান্দিলের সফরের সময় “সব ধরনের আক্রমণাত্মক অভিযান” বন্ধ রাখাতে মিশরীয় আহ্বানে সাড়া দিয়ে ওই সময় হামলা বন্ধ রাখার বিষয়ে একমত হন নেতানিয়াহু। একই শর্তে হামাসও ওই সময় ইসরায়েলে হামলা বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.