কাবুল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৪ সাল পরবর্তী সেনা পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসছে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
ওই বছর আফগানিস্তান থেকে বেশিরভাগ নেটো সেনা প্রত্যাহারের পর সেদেশে কী পরিমাণ মার্কিন সেনা থাকবে তা নিয়ে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি করতে মাসব্যাপী চলবে এ আলোচনা।
আফগান আইনের আওতায় দেশটিতে নিযুক্ত সেনাদের দায়মুক্তি ইস্যু নিয়ে এ আলোচনা জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট হামিদ কারজাই দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাদের কোনো অপরাধের কারণে সেদেশের আইন অনুযায়ী জবাবদিহি করতে হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র এ দাবির বিরোধিতা করে বলে আসছে, তাদের দেশেই অভিযুক্ত সেনাদের বিচার করা হবে।
মার্চে ১৬ আফগান গ্রামবাসীকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের আর্মি স্টাফ সার্জেন্ট রবার্ট বেলকে মৃত্যুদ- দেয়ার পদক্ষেপ নিচ্ছে মার্কিন সামরিক কৌসুলিরা।
অন্যদিকে, আফগানিস্তান সরকার চায় সেদেশেই জনসমক্ষে বেলের বিচার হোক।
কারজাইয়ের প্রধান মুখপাত্র আইমল ফাইজি বলেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত চুক্তি চাই আমরা, কিন্তু সম্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে আফগানিস্তান অবশ্যই সজাগ থাকবে।”
ফাইজি রয়টার্সকে আরো বলেন, “দুই দেশের মধ্যে আলোচনা শুরু হচ্ছে এবং আফগানিস্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ।”
যুক্তরাষ্ট্রের পক্ষে কাবুলে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ উপ প্রতিনিধি জেমস বি. ওয়ারলিক। অন্যদিকে, আফগানিস্তানের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত একলিল হাকিমি।
২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন শাসনের স্বরূপ কী হবে তা নিয়ে এ বছর একটি কৌশলগত চুক্তি করেছে দেশ দুটি। ওই চুক্তির আওতায় সহযোগিতা ও শাসন পদ্ধতি অন্তর্ভূক্ত থাকলেও সেনা সংখ্যার বিষয়টি উঠে আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪২ঘ.
bdnews24