কায়রো, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মিশর। রাষ্টীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী কামেল আমর গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন।
মেনা বকার্তা সংস্থা জানিয়েছে, আমর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
এসময় তিনি অবিলম্বে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রসন বন্ধের ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাষ্টকে অনুরোধ জানান।
গাজায় ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে মিশর।
মিশরের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মিশরের প্রতিনিধি জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং পরিষদের বর্তমান প্রধানের কাছে সরকারিভাবে পাঠানো একটি চিঠিতে একটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।
গাজায় ইসরায়েলের হামলায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন মিশরের রাষ্ট্রদূত। এ হামলাকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে বর্ণনা করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৭১০ঘ.
bdnews24