গাজা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দল হামাসের রকেট হামলা তিন ইসরায়েলি নিহত হয়েছে।
এর আগে বুধবার ইসরায়েলের বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ আল-জাবারি নিহত হন। হামাস কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ভেঙ্গে দেয়ার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেট।
বিমান হামলার পাশাপাশি সমুদ্র ও ইসরায়েলের সীমানা ভেতর থেকেও গাজা উপত্যকায় হামলা চালানো হয়। এতে পাঁচজন সেনা ও তিন শিশুসহ ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়। হামলায় শতাধিক আহত হয়।
বৃহস্পতিবার হামাস দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রাখলে গাজার ২৫ কিলোমিটার উত্তরে কিরয়াত মেলাচি শহরে ওই তিনজন নিহত হয়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আকাশ থেকে লিফলেট ছড়িয়ে গাজার বাসিন্দাদের হামাসের স্থাপনাগুলো থেকে দূরে থাকতে বলেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়, ‘এ অঞ্চলকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে হামাস। এ অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠা হওয়া পর্যন্ত নিজের নাগরিকদের রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল।’
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করতে বুধবার এক বিশেষ বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে ইসরায়েলকে সহিংসতা বন্ধের আহ্বান জানালেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি।
আরব লিগও গাজা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসছে শনিবার। ইসরায়েলের নতুন এ হামলার সমালোচনা করেছে এর প্রতিবেশী দেশ মিশর এবং এ জন্য ইসরায়েলের ‘শাস্তি’ দাবি করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কাতার।
এদিকে গাজায় হামলা আরো জোরদার করা হতে পারে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের ‘আত্মরক্ষার এ পদক্ষেপ’কে সমর্থন দিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৫২৩ ঘ.
bdnews24