২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কেলেঙ্কারিতে বিপাকে ওবামা

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর নতুন মন্ত্রিসভা গঠনের পরিকল্পনায় জটিলতা দেখা দিয়ে বিপাকে পড়েছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ওয়াশিংটন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর নতুন মন্ত্রিসভা গঠনের পরিকল্পনায় জটিলতা দেখা দিয়ে বিপাকে পড়েছেন বারাক ওবামা। এছাড়া, আফগানিস্তান যুদ্ধ, আল-কায়েদা নেটওয়ার্কের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান এবং ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে তার পরিকল্পনাগুলোও বাধার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে পদত্যাগ করেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান ডেভিড পেত্রাউস। মঙ্গলবার এফবিআই’র তদন্তে বেরিয়ে আসে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বে ন্যাটোবাহিনী প্রধান জন অ্যালেনের সংশ্লিষ্টতার কথা। পেত্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা ফাঁস করে দেয়া এক নারীকে ‘অসঙ্গত’ বার্তাপূর্ণ ই-মেইল পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জন অ্যালেনের বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে তাকেও পদ ছাড়তে হতে পারে। ২০১৪ সালে ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছেড়ে যাওয়ার ঠিক আগে শীর্ষপদে এমন পরিবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া এ সপ্তাহেই লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় রাষ্টদূত ক্রিস্টোফার স্টিভেনসের মৃত্যুর ঘটনার বিষয়ে এক রুদ্ধদ্বার জবানবন্দি দেয়ার কথা ছিলো সিআইএ প্রধান পেত্রাউসের। তবে এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন আশঙ্কা প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি। তিনি বলেন, ‘তদন্ত চলাকালে আফগানিস্তানে দায়িত্ব পালনে জন অ্যালেনের ওপর এবং সিআইএ’র ভারপ্রাপ্ত প্রধানের উপর আস্থা রয়েছে প্রেসিডেন্ট ওবামার। প্রতিরক্ষা বাহিনীর ওপর ন্যস্ত বিভিন্ন দায়িত্বও সঠিকভাবে পালন করা হবে বলে মনে করেন তিনি।’ তবে এসব ঘটনায় এ সপ্তাহের শেষদিকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ সফরে অসুবিধাজনক অবস্থানে থাকবেন ওবামা। জাতীয় নিরাপত্তার বিষয়গুলো স্থিতিশীল রাখতে এবং কেলেঙ্কারির ঘটনা সামলাতে প্রতিরক্ষা ব্যবস্থার মূল কয়েকটি পদে দ্রুত রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে প্রশাসনেও পরিবর্তন আসতে পারে। ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রীত্ব থেকে বিদায় নেয়ার কথা জানানো হিলারি ক্লিনটনের উত্তরসূরি হিসেবে ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরি, জাতিসংঘে মার্কিন প্রতিনিধি সুসান রাইস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলনের কথা বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টার সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিকল্প হিসেবেও জন কেরি, উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার ও পানেট্টার সাবেক প্রধান নীতি নির্ধারক মিশেল ফ্লার্নির কথা বিবেচনা করা হচ্ছে। শেষ পর্যন্ত মিশেল ফ্লার্নি এ পদে নিযুক্ত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী। সিআইএ’র ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মাইকেল মোরেল নিযুক্ত হলেও পদটি এখনো খালি রয়েছে। মোরেল ছাড়াও হোয়াইট হাউজের সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ব্রেনানকে এ পদের জন্য বিবেচনা করা হচ্ছে। জন অ্যালেনের বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে ইউরোপে ন্যাটোর কমান্ডার হিসেবে তার মনোনয়ন বাতিল করা হবে। এতে প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে বড় ধরনের রদবদল হতে পারে। তবে দ্রুত এতোগুলো রদবদলের ফলে বিভিন্ন ধরনের সঙ্কট সৃষ্টি হতে পারে। এর ফলে দ্বিতীয় মেয়াদে আবার নতুন করে মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হতে পারে বারাক ওবামাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭০৬ঘ.