জেরুজালেম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গাজায় মঙ্গলবার সকালে তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি গেরিলাদের দুটি রকেট উৎক্ষেপণকেন্দ্রসহ একটি অস্ত্রভান্ডারে এ হামলা চালানো হয়।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। গাজা-ইসরায়েল সহিংসতা ৫ম দিনে গড়ানোর পর সুনির্দিষ্ট লক্ষ্যে এ বিমান হামলা চালাল ইসরায়েল। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রকেট ছোড়া ফিলিস্তিনি গেরিলাদের ওপর কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি ইসরায়েল আগেই দিয়েছে। সোমবার দিনশেষে ফিলিস্তিনি গেরিলারা যুদ্ধবিরতিতে প্রস্তুত থাকার কথা জানালেও ইসরায়েল এতে কোনো সাড়া দেয় নি।
গাজার শাসনক্ষমতায় থাকা হামাস নেতারা ইসলামিক জিহাদ ও অন্যান্য গ্র“পগুলোর সঙ্গে দেখা করে বলেছে, ইসরায়েল যা করবে তারাও একইভাবে তার জবাব দেবে।
ওদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলার সিদ্ধান্ত নিতে মঙ্গলবারই ৯ জন ঊর্ধ্বতন মন্ত্রীর ফোরাম আহ্বান করবেন বলে জানানো হয়েছে খবরে।
শনিবার রকেট হামলায় ইসরায়েল-গাজা সীমান্তে পাহারায় থাকা ৪ ইসরায়েলি সেনা আহত হওয়ার পর থেকে দুপক্ষে উত্তেজনা বেড়েছে। ইসরায়েল ট্যাংকের গোলা ছুড়ে এবং বিমান হামলা চালিয়ে ৪ বেসামরিক নাগরিকসহ ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছে আরো ৪০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24