জেরুজালেম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গোলান মালভূমিতে সিরিয়ার গোলার জবাবে রোববার সতর্কীকরণ হামলার পরদিন ট্যাংকর গোলা হামলা চালিয়েছে ইসরায়েল।
এ গোলা সিরিয়ার অস্ত্র ও গোলাবারুদে সরাসরি আঘাত হেনেছে বলেও ইসরায়েল দাবি করেছে।
ইসরায়েল রোববার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ায় সরকার-বিদ্রোহী লড়াইয়ের কারণে বিক্ষিপ্ত একটি গোলা ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে গিয়ে পড়ার পর ইসরায়েল এ পদক্ষেপ নেয়।
সিরিয়াকে সতর্ক করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েল। সোমবার ইসরায়েল পাল্টা হামলা আরো জোরদার করেছে। সরাসরি সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার হুমকি দিচ্ছে তারা।
সোমবারের গোলা সিরিয়ার ভ্রাম্যমাণ অস্ত্র ও গোলাবারুদে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
তবে সিরিয়ার সেনাবাহিনী না বিদ্রোহী পক্ষ এ হামলার শিকার হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগেই একটি মর্টারের গোলা গোলান এলাকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ফাঁড়ির কাছে গিয়ে পড়ে। জবাবে আইডিএফ সেনারা মর্টারের গোলা যেদিক থেকে এসেছে সেদিকে ট্যাংকের গোলা ছুড়েছে।
১৯৭৩ সালের যুদ্ধের পর গোলন এলাকায় সিরিয়ার গোলাকে সরাসরি হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে ইসরায়েলি বেতার। এতে করে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে অঞ্চলব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।
ইসরায়েলের এক নিরাপত্তাসূত্র জানায়, সিরীয় সেনাবাহিনীর মর্টার সেনাদের লক্ষ্য করে রোববার হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ‘আইডিএফ’ জাতিসংঘ বাহিনীর মাধ্যমে ইতোমধ্যেই একথা জানিয়ে দিয়েছে যে, সিরিয়া থেকে ইসরায়েলে গোলা এসে পড়লে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না এবং এর কড়া পাল্টা জবাব দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৯ঘ.
bdnews24