ইয়াঙ্গুন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় শহরের কাছে রোববার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
সকাল ৭টা ৪১ মিনিটে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন মান্দালয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা। মান্দালয়ের নিকটবর্তী শয়িবু শহরের কাছে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল বলে জানান তিনি।
ভূমিকম্পে ইরাবতী নদীদে নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে কয়েকজন নির্মাণকর্মী নিখোঁজ হয়েছে।
ভূমিকম্পের পর কয়েকটি বড় ধরনের পরাঘাত অনুভূত হয়েছে। মধ্যরাতের পর ৫ দশমিক ৭ মাত্রার পরাঘাত অনুভূত হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও ৫০ জন আহত হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
ভূমিকম্পে যতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল ততটা হয়নি। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের ছোট শহরগুলো দুর্ভোগে পড়েছে।
মান্দালয়ের উত্তরে ইরাবতী নদীর পূর্বতীরের থাবেইক্কাইন শহরে বাস করে ৪ হাজার ২শ মানুষ।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ভূমিকম্পে এ এলাকায় ৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে; ধ্বংস হয়েছে প্রায় ১শ টি বাড়ি, ২১ টি বৌদ্ধধর্মীয় ভবন।
মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট সাই মাউক খাম রোববার এলাকাটি পরিদর্শন করেছেন বলে জানানো হয়েছে খবরে।
প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্পটি অনুভূত হয়।
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পে শয়িবুর কাছে ইরাবতী নদীতে নির্মাণাধীন সেতু ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কায়ুক মায়ুঙ এলাকায় বাড়ি ধসে এক নারীসহ দুইজন মারা গেছে ও অপর ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৭ ঘ.
bdnews24