২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু

এই মহড়ায় ইরানের বোমরু বিমানগুলোর সক্ষমতা, জ্বালানী সরবরাহ বিমানগুলোর কার্যক্ষমতা ও নতুন নির্মিত মানুষ্যবিহীন বিমান পরীক্ষাসহ বিভিন্ন ধরনের ক্ষমতা সম্পন্ন রাডার ও আকাশ থেকে নজরদারী করার ইলেকট্রনিক ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

দুবাই, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের প্রায় অর্ধেক এলাকা নিয়ে বিশাল পরিসরে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে ইরান। পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ মহড়া শুরু করলো দেশটি। সোমবার মহড়াটি শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রিয় বার্তা সংস্থা আইআরএনএ। মহড়াটির নাম রাখা হয়েছে “বেলায়েত-৪”। দেশের উত্তরপূর্ব, পূর্ব ও দক্ষিণপূর্ব এলাকার ৮ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার এলাকায় সপ্তাহব্যাপী মহড়াটি চলবে। মহড়ায় ইরানের ইসলামিক রেভ্যূলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যসহ নিয়মিত বাহিনীর ৮ হাজার সেনা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রধান ফরজাদ ইসমাইলি জানিয়েছেন, এই মহড়ায় বিভিন্ন ধরনের স্থায়ী, চলমান এবং দূরবর্তী এলাকা তদারক করার ক্ষমতা সম্পন্ন রাডার ও আকাশ থেকে নজরদারী করার বিভিন্ন ইলেকট্রনিক ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এছাড়া মহড়ায় ইরানের বোমরু বিমানগুলোর সক্ষমতা, জ্বালানী সরবরাহ বিমানগুলোর কার্যক্ষমতা পরীক্ষাসহ নতুন নির্মিত মানুষ্যবিহীন বিমান ব্যবহার করা হবে বলে জানান তিনি। মহড়ায় এফ-৪, এফ-৫, এফ-৭ এবং এফ-১৪ জঙ্গী বিমানও ব্যবহার করা হবে বলে জানিয়েছে ‘আইএসএনএ’ নামের আরেকটি ইরানি বার্তা সংস্থা। মিসাইল ও গোলান্দাজ ব্যবস্থাগুলোও মহড়ার সময় পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মহড়ার মুখপাত্র শাহরুখ শারম। এছাড়া মহড়ার সময় নিয়মিত সেনাবাহিনী ও আইআরজিসি’র মধ্যে যৌথ অভিযান চালানোর বিষয়ে পরাস্পরিক সমন্বয় গড়ে তোলার ওপরও জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১ নভেম্বর ইরানি উপকূলের নিকটবর্তী আন্তর্জাতিক আকাশসীমায় একটি মার্কিন ড্রোন বিমানকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে ইরানি বিমানবাহিনীর দুটি সুখোই এস-২৫ জঙ্গিবিমান। আকাশসীমা লঙ্ঘণ করার চেষ্টা করায় মার্কিন বিমানটিকে গুলি করা হয় বলে দাবী করেছে ইরান। পরমাণু প্রকল্প নিয়ে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিজের পরমাণু প্রকল্পকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত দাবী করেছে ইরান, কিন্তু পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের সন্দেহ এ প্রকল্পের লক্ষ্য পরমাণু বোমা তৈরি করা। পরমাণু প্রকল্প বন্ধ করার জন্য ইরানের ওপর কঠোর বাণিজ্যিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু তা সত্ত্বেও ইরানে হামলা চালানোর হুমকী দিয়ে আসছে ইসরায়েল। আর সব ধরনের হামলা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৫৯ ঘ.