২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরেন্দ্র মোদি ‘রাবণ’, বললেন কংগ্রেস নেতা

গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি ‘লৌহপুরুষ’ হিসেবে পরিচিত, কিন্তু তার এ ভাবমূর্তিকে আক্রমণ করে তাকে ‘তরল পুরুষ’ ও রাক্ষসরাজ ‘রারণের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা মনি শঙ্কর আয়ার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুজরাটের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আক্রমণ তীব্র করেছে ভারতীয় কংগ্রেস। এক জনসভায় মোদিকে রাক্ষসরাজ রাবণের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা মনি শঙ্কর আয়ার। শনিবার গুজরাটের পরবন্দর শহরে কংগ্রেসের এক জনসভায় তিনি একথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি। এ সময় মোদিকে তিনি ‘অসত্যের সওদাগর’ বলেও অভিহিত করেন। জনসভায় দেওয়া ভাষণে তিনি বলেন, “নিজের ভাবমূর্তি গড়ার জন্য রাজ্যের করদাতাদের টাকা দিয়ে বিশ্বব্যাপী খ্যাতিমান এক জনসংযোগ এজেন্সীকে ভাড়া করেছেন মোদি। এভাবেই তিনি নিজের লৌহপুরুষ ভাবমূর্তি গড়ে তুলেছেন। কে লৌহপুরুষ? তিনি? তিনি একজন তরল পুরুষ।” গুজরাটের আগের বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ২০০২ সালের গোধরা সা¤প্রদায়িক দাঙ্গার উল্লেখ করে মোদিকে “মৃত্যুর সওদাগর” বলে অভিহিত করেছিলেন। ভাষণে আয়ার উপস্থিত জনতার প্রতি ‘রাবণের শাসন’ শেষ করে আগামী ২০ ডিসেম্বর “সত্যিকার দিওয়ালি” উৎসব পালন করার আহ্বান জানান। আগামী ১৩ -১৭ ডিসেম্বর গুজরাটের বিধান সভা নির্বাচন হওয়ার কথা আর ২০ ডিসেম্বর ভোট গণনা করার কথা। মোদি গুজরাট রাজ্য সম্পর্কে জনগণকে ভুল বার্তা দিচ্ছেন অভিযোগ করে আয়ারও তাকে “অসত্যের সওদাগর” বলে অভিহিত করেন। অপর এক জনসভায় কংগ্রেস দলীয় রাজ্যসভার সদস্য হুসেইন দালওয়াই বলেছেন, “মোদি সর্দার বল্লভ ভাই প্যাটেলের ইঁদুর ছাড়া কিছু নন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৫৪ ঘ.