২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় নবজাতকসহ নিহত ৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তায় পুতে রাখা একটি বোমার বিস্ফোরণে সদ্য জন্ম নেওয়া এক নবজাতক ও তার মা’সহ ছয়জন নিহত হয়েছে। হাসপাতাল থেকে ফেরার সময় বোমা হামলার শিকার হয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তায় পুতে রাখা একটি বোমার বিস্ফোরণে সদ্য জন্ম নেওয়া এক নবজাতক ও তার মা’সহ ছয়জন নিহত হয়েছে। হাসপাতাল থেকে ফেরার সময় বোমা হামলার শিকার হয় তারা। শনিবার সকালে খোস্ত প্রদেশে এ ঘটনা ঘটে বলে আফগান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। এই ঘটনায় নিহতদের মধ্যে আরো দুই নারী ও দুই পুরুষ রয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোর ওপর হামলার জন্য বিদ্রোহীরা প্রায়ই রাস্তার মধ্যে বোমা পুতে রাখে। একই রাস্তা বেসামরিক লোকজনও ব্যবহার করায় প্রায়ই তারা এসব বোমার শিকার হয়। খোস্ত প্রদেশের সাবারি জেলার গভর্নর জারমায়িদ মোখলিস জানান, আগের দিন শুক্রবার রাত দশটার সময় সন্তানসম্ভবা ওই নারীকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। পরদিন সকালে নবজাতকে নিয়ে বাড়ি ফেরার সময় তাদের বহনকারী গাড়ির নীচে বোমাটি বিস্ফোরিত হয়। তালেবানের এক মুখপাত্র খোস্তের এ ঘটনার বিষয়ে তারা অবহিত আছেন বলে জানালেও এ ঘটনায় তালেবান জড়িত কিনা তা নিশ্চিত করেনি। তবে ঘটনার সঙ্গে তালেবানের জড়িত থাকার কথা অস্বীকারও করেনি। জাতিসংঘের তথ্যনুযায়ী, চলতি বছরের প্রথম ছয়মাসে আফগানিস্তানে ১ হাজার ১৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের অর্ধেকই রাস্তায় পুতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২২৪ ঘ.