২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধী জোটের নতুন প্রধান মুয়াজ আল-খতিব

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী দলগুলো একজোট হওয়ার পর দামেস্কর উমাইয়া মসজিদের সাবেক ইমাম মুয়াজ আল খতিবকে (৫০) নেতা নির্বাচিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

দোহা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী দলগুলো একজোট হওয়ার পর দামেস্কর উমাইয়া মসজিদের সাবেক ইমাম মুয়াজ আল খতিবকে (৫০) নেতা নির্বাচিত করেছে। রোববার কাতারের রাজধানী দোহায় সর্বসম্মতিক্রমে আল খতিব নেতা হিসেবে নির্বাচিত হন। কয়েকদিন আগে আসাদ বিরোধী বিদ্রোহী, বিভিন্ন ভিন্নমতালম্বী, নৃতাত্ত্বিক গোষ্ঠি ও ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিরা একজোট হওয়া ও নতুন জোটের একজন নেতা নির্বাচনের লক্ষ্য নিয়ে দোহায় সমবেত হয়। একজোট হওয়ার জন্য আসাদ বিরোধীদের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের সমর্থনকারী বিভিন্ন দেশ চাপ প্রয়োগ করে আসছিল। দোহায় সমবেতরা সরকার বিরোধী বিভিন্ন দল, গোষ্ঠির সমন্বয়ে একটি প্রবাসী সরকার গঠনের লক্ষ্যে পার্লামেন্ট গঠনের জন্য আলোচনা শুরু করে। কিন্তু আলোচনায় তীব্র বিতর্ক ও মতভেদ দেখা দিলে আলোচনা সফল না হওয়ার সম্ভবনা সৃষ্টি হয়। এ পর্যায়ে মতৈক্যে পৌঁছতে সমর্থনকারী দেশগুলো আবরও তাদের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। চাপের মুখে একদিন সময় চেয়ে নেয় তারা। পরে ওই অতিরিক্ত দিনটিতেই সমঝোতায় পৌঁছায় তারা। সিরিয়ার বিরোধীদের নির্বাচিত নতুন নেতা খতিব এক সময় সিরিয়ার রাজধানী দামেস্কের প্রচীন উমাইয়া মসজিদের ইমাম ছিলেন। ব্যক্তি হিসেবে মৃদুভাষী, সংস্কারবাদী খতিব নেতা নির্বাচিত হওয়ার পরপরই সিরিয়ার সেনাবাহিনীর সদস্যদের সেনাবাহিনী ছেড়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সিরিয়ার আসাদ বিরোধী সব গোষ্ঠিগুলোকেও একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সিরিয়ার সুন্নি, আলাওয়ি, ইসমাইলী, খ্রিস্টান, দ্রুজ, অ্যাসিরিয়ানসসহ সব গোষ্ঠির স্বাধীনতা চাই। আমরা সিরিয়ার সব এলাকার জনগণের অধিকারও প্রতিষ্ঠা করতে চাই।” আসাদ পরিবারের সমালোচনা করায় খতিবকে বেশ কয়েকবার কারাগারে নিক্ষেপ করে আসাদ সরকার। পরে চলতি বছর দেশ ত্যাগ করে তিনি মিশরে চলে যেতে বাধ্য হন। একজোট হওয়া সিরিয়ার এই সরকার বিরোধী জোটকে ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন ফর অপোজিশন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিদ্রোহী বিভিন্ন বাহিনী ও সরকার বিরোধীদের পরস্পর মতবিরোধের ও ভিন্ন দৃষ্টিভঙ্গীর কারণে গত ২০ মাস ধরে চলা আসাদ বিরোধী বিদ্রোহ তেমন শক্তি অর্জন করতে পারেনি। সরকার বিরোধী ও বিদ্রোহীদের এই নতুন জোট আসাদ বিরোধী লড়াই-বিদ্রোহে নতুন কোনো মোড় ফেরানো অবস্থা তৈরি করতে পারে কিনা তাই দেখার অপেক্ষায় আছেন পর্যবেক্ষকরা। সিরিয়ার আসাদ বিরোধীদের নতুন এই জোট তাদের নেতা মুয়াজ আল খতিবের প্রতি সমর্থন জানিয়েছে কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১৩৭ ঘ.