২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরব বসন্ত’ অর্থনীতি ঘুরে দাঁড়াবে ২০১৩ সালে

আরব বসন্তের দেশগুলোতে গণআন্দোলনে ধসে যাওয়া অর্থনীতি আগামী বছর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করবে বলে রোববার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

দুবাই, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব বসন্তের দেশগুলোতে গণআন্দোলনে ধসে যাওয়া অর্থনীতি আগামী বছর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করবে বলে রোববার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বিশ্বে অর্থনৈতিক মন্দার প্রভাবে আরব বসন্তের দেশগুলোতেও চরম মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, বাড়ছে বেকারত্ব। কিন্তু ২০১৩ সালে এ দেশগুলোতে আংশিক রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং এতে করে মিশর, জর্ডান, মরোক্কো লিবিয়া, তিউনিসিয়া, ইয়েমেন সব মিলে অথনৈতিক প্রবৃদ্বি ত্বরান্বিত হবে বলে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অর্থনৈতিক পরিস্থিতির দ্বি-বার্ষিক মূল্যায়নে বলেছে আইএমএফ। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর এ ছয়টি দেশের সম্মিলিত জিডিপি বেড়ে দাঁড়াবে ৩ দশমিক ৬ শতাংশে। এ বছর যা ২ দশমিক ০ শতাংশ। এর আগে ২০১১ সালে এর হার ছিল ১ দশমিক ২ শতাংশ। আর গণআন্দোলন শুরুর আগে এ দেশগুলোর জিডিপি ছিল ৪ দশমিক ৭। লিবিয়ায় গত বছর গৃহযুদ্ধে কলকারখানা এবং পরিবহন ব্যবস্থার ক্ষয়ক্ষতিতে মুদ্রাস্ফীতি ১৬ শতাংশ বেড়ে গিয়েছিল। এবছর তা কমে দাঁড়াতে পারে ১০ শতাংশে। আর ২০১৩ সালে তা আরো কমে ১ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছে আইএমএফ। তবে ইউরোপসহ অন্যান্য অঞ্চলে চাহিদা কমে যাওয়ায় আরব বসন্তের দেশগুলোতে এর প্রভাব পড়বে বলেও আইএমএফ সতর্ক করেছে। মন্দার কারণে ইউরোপের বেশির ভাগ দেশে আমদানি ক্রমেই কমছে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। ‘বাহ্যিক চাহিদার স্বল্পতা, খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য, আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চিত নীতির কারণে প্রবৃদ্ধির গতি দীর্ঘমেয়াদী প্রবণতা সাপেক্ষে কম হবে বলে ধারণা করা হচ্ছে।’ পূর্বভাস অনুযায়ী, সারাবিশ্বেই চাহিদার স্বল্পতা থাকায় এ ছয়টি দেশে পণ্য ও সেবা খাতে মোট বাণিজ্যের পরিমাণ আগামী বছর প্রান্তিকভাবে বাড়লেও তাতে ঘাটতি থেকে যাবে। ঘাটতির পরিমাণ এ বছরের ৫ দশমিক ৪ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, কয়েকটি দেশ রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদের মুদ্রার মান কমিয়ে দিতে পারে, তবে দেশগুলোর নাম নির্দিষ্ট করে বলা হয়নি। দুর্বল মুদ্রাগুলো দেশের মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে। আইএমএফ’র পূর্বাভাস অনুযায়ী, এ ছয়টি দেশে আগামী বছর মুদ্রাস্ফীতি বেড়ে ৮ দশমিক ৬ শতাংশ হতে পারে যা ২০০৮ সালের পরে সর্বোচ্চ। এবছর এদেশগুলো সম্মিলিত মুদ্রাস্ফীতির পরিমাণ ছিলো ৭ দশমিক ৮ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, মিশর ও মরক্কোতে বাজেট ঘাটতি কমিয়ে আনতে খাদ্য ও জ্বালানিতে ভর্তুকির পরিমাণ কমিয়ে দেয়ায় মুদ্রাস্ফীতির পরিমাণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু লিবিয়ায় গত বছর স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ও রাজনৈতিক পট পরিবর্তন ঘটলেও বিপুল জ্বালানি সম্পদের কল্যাণে অন্যান্য দেশগুলোর ধীরগতির অর্থনীতির প্রবণতার বাইরে রয়েছে। জ্বালানি তেল রপ্তানির ফলে প্রত্যাশার চেয়েও দ্রুত গৃহযুদ্ধপূর্ব অর্থনৈতিক অবস্থায় ফিরে যাচ্ছে দেশটি। গত বছর দেশটির জিডিপি ৬০ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়ে যায়। তবে এ বছর দেশটির জিডিপি ১২২ শতাংশে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। ২০১৩ সালে লিবিয়ার জিডিপি ১৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির জিডিপি প্রতিবছর গড়ে ৭ শতাংশ করে বাড়বে বলে ভব্যিতৎবাণী করেছে আইএমএফ। পূর্বাভাসে আরো বলা হয়েছে, ২০১২ সালে লিবিয়ার চূড়ান্ত রাষ্ট্রীয় বাজেটে জিডিপি ১৯ শতাংশ বেশি থাকবে। বর্তমানে তা ২২ শতাংশ বেশি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭১০ঘ.