২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন জোট’ গড়তে চুক্তিবদ্ধ আসাদ বিরোধীরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটাতে রোববার দেশটির সরকার-বিরোধী পক্ষগুলো কাতারের বৈঠকে ‘নতুন জোট’ গড়তে চুক্তিবদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

দোহা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটাতে রোববার দেশটির সরকার-বিরোধী পক্ষগুলো কাতারের বৈঠকে ‘নতুন জোট’ গড়তে চুক্তিবদ্ধ হয়েছে। রোববার বিকালেই জোটের নতুন নেতা ও তার সহকারী নির্বাচন করে ফেলার কথা জানান আসাদ-বিরোধী একটি ইসলামপন্থি দলের প্রতিনিধি। সিরিয়ার বিশৃঙ্খল সরকার-বিরোধী পক্ষগুলোকে একটি ঐক্যচুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও অন্যান্য সমর্থক দেশগুলো। সিরিয়ায় সরকার বিরোধী গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এ পরিস্থিতিতে শনিবার কাতারের রাজধানী দোহায় আসাদবিরোধী প্রধান সিরীয় সংগঠন কাতারভিত্তিক সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) অন্যান্য বিরোধী দল ও বিদ্রোহী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে। প্রথমদিকে প্রতিনিধিরা ঐক্যমত্যে পৌঁছাতে না পারার খবর এলেও পরে রোববার মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি আলি সদরদ্দিন আল বায়ানৌমি জানান, প্রাথমিকভাবে একটি চুক্তি সই হয়েছে। সান্ধ্য অধিবেশনে জোটের প্রেসিডেন্ট এবং তার উপপ্রধানকে বাছাই করা হবে। তিনি বলেন, নতুন এ জোটকে বলা হবে ‘ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস এন্ড দ্য সিরিয়ার রিভল্যুশন’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৭ঘ.