ওয়াশিংটন, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ডেভিড পেত্রাউস। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে শুক্রবার পদত্যাগ করেন পেত্রাউস।
সিআইএ’র নির্বাহী বিভাগে পাঠানো এক চিঠিতে ৬০ বছর বয়সী পেত্রাউস জানান, বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করে “ব্যক্তিগত কারণে” তার পদ থেকে পদত্যাগের অনুমতি চেয়েছেন।
চিঠিতে তিনি বলেন, “৩৭ বছরের বিবাহিত জীবনেও আমি বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে অত্যন্ত দুর্বল বিবেচনাবোধের পরিচয় দিয়েছি। একজন স্বামী ও এই রকম একটি প্রতিষ্ঠানের (সিআইএ) নেতা হিসেবে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।”
দ্বিতীয় মেয়াদে পুননির্বাচিত প্রেসিডেন্ট ওবামা এক বিবৃতিতে পেত্রাউসের পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন।
এসময় সিআইএ’র প্রধান হিসেবে এবং ইরাক ও আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র সেনাদের প্রধান হিসেবে জেনারেল পেত্রাউসের ভূমিকার কথা উল্লেখ করে তার অবদানের প্রশংসা করেছেন ওবামা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ী হন ডেমোক্রেটিক প্রার্থী ওবামা। সিআইএ’র প্রধান হিসেবে পেত্রাউসকে তিনিই নিয়োগ দিয়েছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই সিআইএ’র প্রধানের পদ থেকে পেত্রাউসের হঠাৎ নাটকীয় পদত্যাগ ব্যাপক কৌতুহলের জন্ম দিয়েছে। তার বিবাহবহির্ভূত সম্পর্ক কতোদিনের ও কি কারণে শুক্রবার সন্ধ্যায়ই তিনি পদত্যাগপত্র পেশ করলেন সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
তবে কয়েক মাস আগে এফবিআই’র তদন্তে পেত্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানা গিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের একটি সূত্র জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১০০ ঘ.
bdnews24