ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে ট্রেনের জ্বালানি তেলবাহী লাইনচ্যুত দুটি ট্যাংকারে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮৩ জন।
শুক্রবার মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলীয় কানবালু এলাকায় ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
ট্রেনটি মধ্যাঞ্চলীয় মান্দালয় থেকে উত্তরাঞ্চলীয় মিকতিয়ানিতে যাচ্ছিল।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর পেট্রোলভর্তি দুটি ট্যাংকার উল্টে পড়ে। আশপাশের গ্রামবাসী ছড়িয়ে পড়া পেট্রোল সংগ্রহ করার সময় হঠাৎ আগুন লেগে বিস্ফোরণ ঘটে এ প্রাণহানি হয়।
মিয়ানমারের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, এ ঘটনায় আহত ৮৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবশ্য সরকারের পক্ষ থেকে আহতের সংখ্যা ৬২ জনের কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/২৩০০ ঘ.
bdnews24