২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশসীমা লঙ্ঘনের দাঁতভাঙা জবাব দেবে ইরান

কোনো বিদেশি বিমান আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে এর দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন ড্রোন বিমান লক্ষ্য করে গুলি চালানোর পর ইরান দৃশ্যত যুক্তরাষ্ট্রকেই এ হুঁশিয়ারি দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

দুবাই, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোনো বিদেশি বিমান আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে এর দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন ড্রোন বিমান লক্ষ্য করে গুলি চালানোর পর ইরান দৃশ্যত যুক্তরাষ্ট্রকেই এ হুঁশিয়ারি দিল। ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি চালকবিহীন (ড্রোন) বিমান লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ১ নভেম্বরে বিমানটি আন্তর্জাতিক আকাশ সীমায় থাকাকালেই ইরানের জঙ্গিবিমান সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও এ গুলি বিমানটিতে লাগেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে মার্কিন ড্রোন বিমান লক্ষ্য করে তেহরানের হামলার চেষ্টা এটিই প্রথম। যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগন বিষয়টি নিয়ে ইরানকে সতর্ক করার পর শুক্রবার ইরান ওই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থায় সশস্ত্র বাহিনীর এক উর্ধ্বতন কমান্ডার জেনারেল মাসুদ জাজায়েরির উদ্ধৃতি দিয়ে শুক্রবার বলা হয়, ইরানের সুরক্ষায় নিয়োজিত বাহিনী দেশের আকাশ, জল ও স্থলসীমা লঙ্ঘনের কোনো রকম বিদেশি প্রচেষ্টার দাঁতভাঙা জবাব দেবে। তিনি আরো বলেন, “কোনো বিদেশি বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা নিলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের রুখে দাঁড়াবে।” তবে তিনি চালকবিহীন বিমানে গুলির ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি। ইরানি উপকূল থেকে থেকে ১৬ নটিকাল মাইল দূরে পারস্য উপসাগরের আকাশে রুটিনমাফিক গোপন টহলে থাকা ড্রোনটির দিকে অন্তত দুবার গুলি ছোঁড়া হয়। সকাল ৮টা ৫০ মিনিটে দুটি ইরানী এসইউ- ২৫ ‘ফ্রগফুট’ বিমান থেকে এ গুলি ছোড়া হয়। এ ঘটনার বিষয়ে কূটনৈতিক সূত্রের মাধ্যমে ইরানকে আনুষ্ঠানিভাবে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন। পেন্টপগণের ধারণা, ড্রোনটিকে আঘাত করার উদ্দেশ্যেই গুলি ছোঁড়া হয়েছিল। আর তা হলে ইরানে পাল্টা হামলা চালাতে মার্কিন বাহিনী বাধ্য হত বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা কত দ্রুত সহিংসতায় পর্যবসিত হতে পারে এ ঘটনা তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২২০৬ঘ.