আঙ্কারা/দোহা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার এখনো সহিংস বিক্ষোভ অব্যাহত থাকায় গত বিশ মাস ধরে চলা সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার সিরিয়ান দেশ ছেড়ে পালাচ্ছে।
শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় দুটি বিস্ফোরণে কমপক্ষে ২০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি সেনা ক্যাম্পে বিস্ফোরকভর্তি দুটি গাড়ি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাদ্যম জানিয়েছে, দুটি গাড়ি বোমায় “হতাহত ও ক্ষয়-ক্ষতি” হয়েছে। কিন্তু তারা বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার একদিনেই সিরিয়া ছেড়ে প্রতিবেশী দশেগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় ১১ হাজার মানুষ। এদের অধিকাংশই প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিয়েছেন।
গত বিশ মাসের মধ্যে শুক্রবারই সর্বোচ্চ সংখ্যক মানুষ সিরিয়া ছেড়েছে বলে দাবি করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনকারীরা।
এ নিয়ে গত বিশ মাসে তুরস্ক, লেবানন, ইরাক ও উত্তর আফ্রিকায় ৪ লাখ ৮ হাজার সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিপুল সংখ্যক শরণার্থীদের আশ্রয় দেয়া তুরস্কের পক্ষে অসম্ভব হয়ে উঠতে পারে বলে মনে করছে তুর্কি কর্তৃপক্ষ। সিরিয়ার মধ্যেই শরণার্থীদের আশ্রয়ের জন্য একটি ‘বাফার জোন’ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছে দেশটি।
ইতিমধ্যে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
শীত এগিয়ে আসায় সিরিয়ায় যুদ্ধের মধ্যে আটকে পড়া প্রায় ২৫ লাখ মানুষের জরুরি ত্রাণ সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
এদিকে, শুক্রবার দেশের বাইরে সক্রিয় প্রেসিডেন্ট আসাদ বিরোধী প্রধান গোষ্ঠি কাতারভিত্তিক সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) অভিজ্ঞ আসাদ বিরোধী আন্দোলনকারী জর্জ সাবরাকে তাদের নতুন নেতা নির্বাচন করেছে।
সিরিয়ার অন্যান্য বিরোধী দল ও আসাদঅনুগত বাহিনীর বিরুদ্ধে লড়ে যাওয়া বিদ্রোহী যোদ্ধাদের প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন এসএনসি নতুন নেতা সাবরা।
আন্তঃকোন্দল ও আসাদকে প্রতিরোধে ব্যর্থতার কারণে এসএনসি’র সমালোচনা করে আসছিল পশ্চিমা দেশগুলো। এরকম সমালোচনামুখর সময়েই এসএনসি’র দায়িত্ব নিলেন জর্জ সাবরা।
নতুন নেতৃত্বের অধীনে আসাদের বিপক্ষ শক্তি গড়ে তুলতে অন্যান্য বিরোধী দল ও সেনাবাহিনীর বিরোধী অংশের সমন্বয় করার পরিকল্পনা করছে সংগঠনটি।
এসএনসি’র দায়িত্ব নিয়ে পশ্চিমা ও সিরিয়ার ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর কাছে অস্ত্র সাহায্যের আবেদন জানিয়েছেন জর্জ সাবরা।
তবে সিরিয়ার ইসলামী জঙ্গি দলগুলোর সঙ্গে আল-কায়েদা নেটওয়ার্কের যোগাযোগ থাকতে পারে এ আশঙ্কায় বিদ্রোহীদের অস্ত্র সবরাহের ব্যাপারে সতর্ক অবস্থানে আছে পশ্চিমা দেশগুলো।
ওদিকে, বৃহস্পতিবার বিদ্রোহী বাহিনী উত্তরাঞ্চলীয় রাস আল-আইন শহরের দখল নিয়ে আসাদ বাহিনীকে উত্তরের বেশিরভাগ এলাকা থেকে হটিয়ে দিয়েছে বলে দাবী করেছেন বিদ্রোহী কমান্ডার খালিদ আল ওয়ালিদ। তিনি বিদ্রোহীদের রাক্কা ডিভিশনের প্রধান।
খালিদ বলেন, “সীমান্ত পারাপার কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো দিয়েই তুরস্কের সঙ্গে যোগাযোগ রাখা হয়।”
গত বিশমাস ধরে চলা সিরিয়ার বিদ্রোহ-লড়াই-সহিংসতায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/বিসিএস/১৭২৪ঘ.
bdnews24