২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জয়ে ক্ষুব্ধ ওরা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার জয়ে চারিদিকে আনন্দ-উল্লাস চললেও, এ জয়ই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সর্বস্ব হারানো পাকিস্তানি নাগরিকদের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ইসলামাবাদ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেলিভিশনের পর্দায় যখন ভেসে উঠছে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জয়ে আনন্দ-উল্লাসের ছবি; তখন পুরোনো স্মৃতি জেগে ওঠায় তীব্র মাথাব্যথায় কাতর এক পাকিস্তানি যুবক। ড্রোন হামলায় পরিবার-পরিজন হারানোতেই তার এ যন্ত্রণা। আর তাই ওবামার সমর্থকদের জন্য তার জয়ের খবর আনন্দের হলেও চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় বাবা, তিন ভাই ও ভাইপো হারানো ২৮ বছর বয়সী যুবক মোহাম্মদ রেহমান খান একে সহজভাবে নিতে পারেনি। “ওবামা প্রথমবার ক্ষমতায় যাওয়ার এক মাস পরই ওই হামলা চলেছিল”, জানান রেহমান। এর পরপরই রেহমান দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নেন ইসলামাবাদে। সেখানেই ওবামার জয়ের খবরে তার ক্ষেদোক্তি, “আমার বাড়িতে হামলা চালানো সেই লোকই আবার নির্বাচিত হয়েছে। গতকাল থেকে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। আমার সব কষ্টগুলো আবার জেগে উঠেছে।” এমন অনেক রেহমানের মনেই ক্ষোভের আগুন জ্বালিয়েছে ওবামার জয়। ড্রোন হামলায় ছেলে হারানো আরেক ক্ষুব্ধ পাকিস্তানির উক্তি, “সুযোগ পেলেই ওবামা মুসলমানদেরকে সাপের মতো ছোবল দেবেন। ড্রোন হামলা চালিয়ে এরই মধ্যেই তিনি কতজনের প্রাণ হরণ করেছেন তার ইয়েত্তা নেই।” ওবামা পাকিস্তানে ড্রোন হামলা চালিয়ে যাবেন, নাকি তা বন্ধের সিদ্ধান্ত নেবেন সে সম্পর্কে এবারের নির্বাচনী প্রচারাভিযানে তিনি কোন ইঙ্গিত দেননি। তবে পাকিস্তান ও আফগানিস্তানের আল কায়েদা ও তালেবান জঙ্গিদের হত্যা করবেন বলে প্রথমবারের নির্বাচনী প্রচারাভিযানে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পাকিস্তানের বহু নাগরিকই ড্রোন হামলাকে সহজভাবে নিতে পারেনি। এ হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও অভিযোগ করেছে তারা। ‘নিউ আমেরিকা ফাউন্ডেশন পলিসি ইন্সটিটিউট’ এর তথ্যানুযায়ী, ওবামা তার প্রথম ৪ বছর মেয়াদে পাকিস্তানে প্রায় ৩শ’ টি ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছেন। যা তার আগের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের তুলনায় ৬ গুণেরও বেশি। ২০০৪ সাল থেকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালানো মোট ৩৩৭ টি ড্রোন হামলায় নিহত হয়েছে ১,৯০৮ থেকে ৩,২২৫ জন। বিশ্লেষকরা বলছেন, চালকবিহীন এ বিমান হামলার বিরুদ্ধে পাকিস্তানিদের ক্ষোভের কারণে ওই অঞ্চলে তালেবানরা শক্তিশালী হয়ে ওঠার সুযোগ পেয়ে যেতে পারে। এতে করে পাক-আফগান সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা কঠিন হয়ে পড়বে। আর এমন হলে ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা দেশে ফেরানোর ওবামার পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫০ঘ.