করাচি, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচিতে একটি আধা-সামরিক বাহিনীর ঘাঁটিতে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩ সেনা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিস্ফোরকসহ গাড়ি নিয়ে হামলাকারী ঘাঁটিটির মূল ফটকে আঘাত করলে তারা নিহত হয়।
হামলায় ১০০ কিলোগ্রামের বেশি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাঁটির ফটক ভেদ করতে পারেনি হামলাকারী।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিগুলোতে আগে তালেবানরা হামলা চালিয়েছে।
২০১১ সালে করাচিতে পাকিস্তানি নৌবাহিনীর একটি ঘাঁটিতে টানা ১৬ ঘণ্টার হামলায় অন্তত ১০ জন নিহত হয়। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরেও হামলা চালানো হয়েছিল।
পরমাণু শক্তিধর পাকিস্তান বর্তমানে আফগানিস্তান থেকে পালিয়ে আসা ও দেশের ভেতরের তালেবানদের হটাতে অভিযান চালিয়ে যাচ্ছে।
তবে তালেবানদের ঘাঁটি হিসেবে পরিচিত প্রত্যন্ত ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার কারণে এ বিষয়ে দুই দেশের সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে।
করাচিতেও বেশকিছু তালেবান সমর্থক জঙ্গি সংগঠনের তৎপরতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/বিসিএস/১৯১৩ঘ.
bdnews24