২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়েতেমালায় ভূমিকম্পে নিহত ৪৮

গুয়েতেমালায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 05:25 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

গুয়েতেমালা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুয়েতেমালায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ১০০ মাইল দূরে ভূ-পৃষ্ঠের ২৬ মাইল গভীর এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। এ ঘটনায় গুয়েতেমালায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে নিহতদের মধ্যে অধিকাংশই গুয়েতেমালার সান মারকোস স্টেটের বাসিন্দা। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে তাদের বেশিরভাগের মৃত্যু হয়। মেক্সিকোর সীমান্তবর্তী গুয়েতেমালার পাহাড়ি এ স্টেটে ভূমিধসের ঘটনাও ঘটে। এতে এখনো ২৩ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ওটো পেরেজ জানিয়েছেন। ১৯৭৬ সালের পর মধ্য আমেরিকার এ দেশটিতে এবারই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ভূমিকম্পের কারণে অন্তত ৭৩ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে দেশটির জ্বালানিমন্ত্রী জানান। সান মারকোসে প্রেসিডেন্ট পেরেজ সাংবাদিকদের বলেন, “এখনো ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ে স্বজনদের জন্য অপেক্ষারত মানুষের সঙ্গে দেখা করাটা খুব কষ্টের। এটা সত্যিই খুব দুঃজনক ঘটনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো।” ক্ষতিগ্রস্ত এলাকায় বুধবার রাতভর সান উদ্ধার তৎপরতা চালানো হয়। সান মার্কোসের সান ক্রিস্টোবালে ১১ সদস্যের একটি পরিবারের ১৭ বছরের একটি বালক ছাড়া বাকি সবাই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে জানান উদ্ধারকর্মী অভিদুয়ো ফুয়েন্তেস। রেড ক্রসের কর্মকর্তা কার্লোস এনরিক আলভারাডো বলেন, ভূমিকম্পে শুধু সান মার্কোসে শহরে ৭৫টি ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সেখানে কারাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় ১০১ জন বন্দিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১২২ ঘ.