বেইজিং, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বারাক ওবামার জয়কে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ‘সুযোগ’ হিসাবে দেখছে চীন।
দ্বিতীয় মেয়াদে ওবামার বিজয়ের পরক্ষণেই তাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বেইজিং এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাবে বেইজিং।”
ওবামার বিজয় ঘোষণার পরপরই রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ায় প্রচারিত এক ভাষ্যে বলা হয়, ওবামার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক ছিল বন্ধুর এবং পরস্পরিক আস্থা ‘কমে গিয়েছিল’। কিন্তু তার পুনর্নির্বাচন দু’দেশের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ করে দিয়েছে।
ভাষ্যটি এমন আভাসই দিচ্ছে যে, ওবামার বিজয়ে চীন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
চীন মনে করছে, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে, বিশেষ করে যখন কমিউনিস্ট এ রাষ্ট্রটিতেও নেতৃত্বে পরিবর্তন ঘটতে চলেছে শিগগিরিই
তবে ভাষ্যে এও স্বীকার করা হয়েছে যে, বিশ্বের সর্ববৃহৎ এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে স্পর্শকাতর ইস্যুগুলো এখনো রয়েই গেছে।
এতে বলা হয়, “যেহেতু দুই দেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অর্থনৈতিকভাবে পরস্পরের ওপর নির্ভরশীল, তাই যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে এটি শিখতে হবে যে কী করে আরো বেশি যৌক্তিক ও গঠনমূলক সম্পর্ক চীনের সঙ্গে তারা গড়ে তুলতে পারে।”
“নতুন ওবামা প্রশাসন হয়ত এ বিষয়টি মনে রাখবে যে, একটি শক্তিশালী এবং আরো বেশি গতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন বিনিয়োগের সুযোগই কেবল এনে দেবে না, বরং তা নাজুক হয়ে পড়া বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতেও সাহায্য করবে।”
নির্বাচনী প্রচারাভিযানের সময় রিপাবলিকান প্রার্থী মিট রমনি চীনের ব্যাপারে কঠোর নীতি অবলম্বনের প্রতিশ্র“তি দিয়েছিলেন ভোটারদের। তিনি বারবার বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজে তার প্রথম দিন থেকেই তিনি চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ হিসাবে আখ্যায়িত করবেন।
অন্যদিকে, প্রচারাভিযানে ওবামা ছিলেন চীনের প্রতি অনেকটা নমনীয়। কিন্তু গত বছর ওবামা প্রশাসন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর যে উদ্যোগ নেন তাতে করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
বেইজিংয়ের সন্দেহ যে, এশিয়ার উদীয়মান শক্তি চীনকে দমানোর জন্যই যুক্তরাষ্ট্র ওই উদ্যোগ নিয়েছে। কিন্তু দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ওবামাকে এখন চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে হবে যা বাণিজ্য, মুদ্রা এবং বাণিজ্য গুপ্তচরবৃত্তি প্রর্ভতি ইস্যুতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
তবে চীন বিশ্লে¬ষকরা মনে করছেন, ওবামার এ বিজয় চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে ‘ইতিবাচক’ প্রভাব ফেলবে।
বেইজিং এর রেনমিন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান স্টাডিজ এর পরিচালক শি ইনহং বলেন, “চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান নাজুক অবস্থায় ওবামা চীনের প্রতি কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আরো অনেক বেশি অনুকূল নীতি অবলম্বন করবেন কিনা তা কেউই আগাম বলতে পারবে না। এটি সম্ভব, কিন্তু এমনটাই হবে তা নয়।”
“যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু চীনের প্রতি ওবামার দৃষ্টিভঙ্গি অনেক বেশি মধ্যপন্থি।”
আগামী বৃহস্পতিবার চীনে কমিউনিস্ট পার্টির ১৮ তম কংগ্রেস শুরু হচ্ছে। এতে নতুন নেতৃত্ব ক্ষমতায় আসবে। কমিউনিস্ট পার্টির নতুন চেয়ারম্যান হতে চলেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট শি জিংপিন। এটি নিশ্চিত করেই বলা যায়।
তিনি আগামী মার্চে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। ভাবি প্রেসিডেন্ট শি এবং অন্যান্য চীনা নেতারা ওয়াশিংটনের সঙ্গে একটা ভাল সম্পর্ক বজায় রাখার ব্যাপারে চাপের মুখে আছেন। তারা এটা স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে স্থিতিশীলতা বেইজিং এর স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের চীনবিরোধী অবস্থান সম্পর্কে ফুডান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান স্টাডিজের পরিচালক শেন ডিংলি বলেন, যুক্তরাষ্ট্রে গত নির্বাচনের সময়ও ওবামা চীনের প্রতি কঠোর নীতির কথা বলেন, কিন্তু পরে তিনি তা থেকে সরে আসেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীদের এই বাগাড়ম্বরের বিষয়টি চীন ভাল করেই জানে।
চীনা বিশ্লে¬ষক এবং কর্মকর্তাদের মধ্যে একটা ধারণা আছে যে, নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা চীনকে তুলোধুনো করেই থাকে। কিন্তু ক্ষমতা গ্রহণের পর তারা এটি উপলব্ধি করে যে, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ছাড়া তাদের সামনে আর কোনো বাস্তব বিকল্প নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২৩২১ঘ.
bdnews24