২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন রমনিকে বেছে নেয়নি মার্কিনিরা

এবারের নির্বাচনে অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা প্রভৃতি নানা ইস্যু নিয়ে মাথা ঘামিয়েছে ভোটাররা। এসব ইস্যুতে ওবামার সঙ্গে ভিন্নমতসহ অন্যান্য আরো কয়েকটি কারণ রমনির পরাজয়ের পেছনে কাজ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের নির্বাচনে অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা প্রভৃতি নানা ইস্যু নিয়ে মাথা ঘামিয়েছে ভোটাররা। এসব ইস্যুতে ওবামার সঙ্গে ভিন্নমতসহ অন্যান্য আরো কয়েকটি কারণ রমনির পরাজয়ের পেছনে কাজ করেছে। প্রায় প্রতিটি ইস্যুতেই ওবামার তুলনায় রমনি ছিলেন একটু কট্টর অবস্থানে। অর্থনীতিতে ওবামার দৃষ্টিভঙ্গির সঙ্গে রমনির দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকা ছাড়াও করের ক্ষেত্রে দুজনের মধ্যে মতের ভিন্নতা ছিল। ওবামা ধনীদের ওপর কর বাড়ানোর পক্ষপাতি থাকলেও রমনি ছিলেন এর বিপক্ষে। অভিবাসনের ক্ষেত্রে ওবামা অবৈধ অভিবাসীদের সুবিধা দিতে চাইলেও রমনি ছিলেন এর ঘোর বিরোধী। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ওবামা বীমা করতে অক্ষমদেরও স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা নিতে চাইলেও রমনি চেয়েছিলেন বীমা কোম্পানিগুলোকে সুবিধা দিয়ে জনগণের জন্য বীমা সহজ করতে। প্রতিরক্ষার ক্ষেত্রে ওবামা ব্যয় হ্রাসে আগ্রহী হলেও রমনি চেয়েছিলেন ঠিক এর উল্টোটাই। ওবামার কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের বিপরীতে রমনি ছিলেন সামরিক ব্যবস্থায় সমস্যা সমাধানের পক্ষে। এ সমস্ত নানা ভিন্নতা ছাড়াও নির্বাচনের আগ মুহূর্তে ঘূর্ণিঝড় স্যান্ডি মোকাবেলার ক্ষেত্রে ওবামার সঙ্গে রমনির পদক্ষেপের পার্থক্যও তার পরাজয়ে একটা বড় কারণ হিসাবে কাজ করেছে। দুর্যোগের ওই সময়ে ওবামা ভোট প্রার্থণা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় তার জনপ্রিয়তা অনেকটা বেড়ে যায়। কিন্তু রমনি ওই সময়েও ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রচার নিয়ে। তাছাড়া, রমনি বিশাল অর্থসম্পদের মালিক হওয়ার কারণে অনেকটা জনবিচ্ছিন্ন বলে বিবেচিত হওয়া এবং সরকার পরিচালনায় সঠিক কোনো দিক নির্দেশনা দিতে না পারাটাও তার পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১২ঘ.