২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই আট রাজ্যে ভর করেই ওবামার জয়

অনেক রাজ্যের ভোটের পুরো ফল হাতে আসার আগেই ‘দোদুল্যমান’ রাজ্যগুলোর প্রায় সবকটিতে জেতা বা এগিয়ে থাকাই নিশ্চিত করেছে বারাক ওবামার জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

শরীফ উল্লাহ বাবু ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর জন্য বিশ্লেষকদের যে কয়টি রাজ্যের ইলেকটোরাল ভোট বরাদ্দ ছিল, তার সবকটিই পেয়েছেন মিট রমনি। বারাক ওবামাও পেয়েছেন ডেমক্রেটদের জন্য বরাদ্দ সবকটি রাজ্যের ভোট। কিন্তু শেষ বিচারে ওবামাই জয়ী ‘দোদুল্যমান’ হিসেবে পরিচতি রাজ্যগুলোতে সাফল্য পেয়ে। মঙ্গলবার ৫০টি রাজ্য আর ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জুড়ে একে একে ভোট গ্রহণ শেষ হতে থাকলেও ‘ব্যাটেলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ হিসেবে বিবেচিত রাজ্যগুলোতেই ছিল সবার নজর। চোখ ছিল ভোটযুদ্ধে অনিশ্চয়তা এনে দেয়া আট রাজ্য ফ্লোরিডা (২৯টি ইলেকটোরাল ভোট), ওহাইও (১৮), ভার্জিনিয়া (১৩), উইসকনসিন (১০), কলোরাডো (৯), নেভাডা (৬), আইওয়া (৬) ও নিউ হ্যাম্পশায়ারের (৪) ওপর। প্রথমে ‘এক্সিট পোল’ বা বুথ ফেরত ভোটারদের মধ্যে জরিপ; এরপর টুকরো টুকরো করে আসা আংশিক ভোট গণনার খবর; হিসেব মেলানোর চেষ্টা শুধু এই রাজ্যগুলোর ভোটেরই। আর শেষে এই গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য নির্বাচিত হলেন ডেমক্রেট প্রার্থী বারাক ওবামা, সঙ্গী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। অনেক রাজ্যের ভোটের ফল হাতে আসার আগেই ওবামাকে জয়ী ঘোষণা করা গেছে প্রেসিডেন্ট নির্ধারক ‘দোদুল্যমান’ রাজ্যগুলোতে প্রায় সবকটিতে তার এগিয়ে থাকায় খবরেই। এ রাজ্যগুলোর মধ্যে সবার আগে আসে গ্রানাইট খনি আর শিল্পের জন্য বিখ্যাত নিউ হ্যাম্পশায়ারের খবর। গণমাধ্যমগুলো রাজ্যটির চারটি ইলেকটোরাল ভোট ওবামা পাচ্ছেন জানালে (কল ফর ওবামা) শিকাগোতে ডেমক্রেটদের প্রধান নির্বাচনী শিবিরে সমর্থকদের মধ্যে উচ্ছাসের ঢেউ ছড়িয়ে পড়ে । ধীরে ধীরে আসে উইসকনসিন, আইওয়াতে ওবামার এগিয়ে থাকার খবর। মার্কিন টিভি চ্যানেলগুলো রাজ্যগুলোকে ‘নীল রঙে’ দেখানোর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় ওবামার বিজয়। তখন অপেক্ষা কেবল আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য ওহাইও’র ফল। আগে থেকেই ধারণা করা হচ্ছিল, সাতজন সাবেক প্রেসিডেন্টের জন্মস্থান ওহাইও এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখবে। গণমাধ্যমগুলো ওহাইওকে ডেমোক্রেটদের দেয়ার পর ওবামা পেয়ে যান আবার হোয়াইট হাউজে যাওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট। গণমাধ্যমগুলো একে একে জয়ী ঘোষণা করতে থাকে ওবামাকে। ‘দোদুল্যমান’ বাকি চার রাজ্য ভার্জিনিয়া, ফ্লোরিডা, নেভাডা আর কলারাডোর ফল তখনও আসা বাকি। আর এর বাইরের বাকি রাজ্যগুলোর ফল কী হচ্ছে, তা নিয়ে মাথা না ঘামিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ চ্যানেলগুলো দেখাতে থাকে রমনির ‘পরাজয় মেনে নেয়া’ আর ওবামার ‘সামনে আরো এগিয়ে যাওয়ার’ ভাষণ। আসলে নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন ও আইওয়ার পর ওহাইওতেও ওবামা এগিয়ে গেলে গণমাধ্যমের জন্য ওবামাকে জয়ী ঘোষণা করাটা ‘নিরাপদ’ হয়ে যায়; নিমেষেই ফুরিয়ে যায় ফল নিয়ে সব জল্পনা-কল্পনা। রমনি রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে জয়ী হওয়ার পাশপাশি ২০০৮ সালে ওবামার জেতা নর্থ ক্যারোলাইনা আর ইন্ডিয়ানাও ছিনিয়ে নেন। অবশ্য নির্বাচনের আগে এই দুটি রাজ্য রিপাবলিকানরা পাচ্ছে বলেই ধরা হয়েছিল। কিন্তু ‘ব্যাটেলগ্রাউন্ডগুলোতে’ পিছিয়ে পড়ায় আরাধ্য ২৭০টি ভোটের বাধা তিনি আর পেরোতে পারেননি। ওহাইওতে পিছিয়ে পড়ার পরই রমনির হার নিশ্চিত হয়ে যায়। মোট ভোটের (পপুলার ভোট) হিসেবে কিন্তু প্রায় সমান সমান ওবামা আর রমনি, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলে এর তেমন কোনো গুরুত্ব নেই। যে প্রার্থী ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হন বিজয়ী। তাই রাজ্যগুলো থেকে ভোটের হিসেব আসার সঙ্গে সঙ্গে ইলেকটোরাল ভোটের মানচিত্র সাজিয়ে ফেলে যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো। কোনো রাজ্যের আংশিক ভোটের হিসেব এলেও ওবামা আর রমনির ভোটের অনুপাত দেখে রাজ্যটির ফল কার পক্ষে যাবে তা আগেভাইে বলে দিয়েছে তারা। যে রাজ্যেগুলো ঐতিহাসিকভাবে কোনো দলের পক্ষে সবসময় যায় না বা গত নির্বাচনগুলোতে যেগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেগুলোকেই ‘দোদুল্যমান’ ধরা হয়েছিল। বাকি রাজ্যগুলো অনেক আগে থেকেই ডেমক্রেট বা রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকায় সেগুলোর ইলেকটোরাল ভোট আগেই ফলাফলের মানচিত্রে উঠিয়ে রেখেছিল গণমাধ্যমগুলো। যেমন সবচেয়ে বড় ইলেকটোরাল কলেজ ক্যালিফোর্নিয়ার ভোট (৫৫) ওবামার ঝুড়িতেই যে যাচ্ছে, তা মোটামুটি ধরেই নিয়েছিল সব শিবির। অন্যদিকে ইলেকটোরাল ভোটের সংখ্যার হিসেবে দ্বিতীয় টেক্সাস (৩৮) ঐতিহাসিকভাবেই রিপাবলিকানদের বলে মানচিত্রে লাল রঙে চিহ্নিত করা ছিল। ওবামা আর রমনি নির্বাচনে প্রায় ২০০ কোটি ডলার খরচ করেছেন যার বেশিরভাগই খরচ হয়েছে ‘দোদুল্যমান’ রাজ্যগুলোতে। দুই প্রার্থী তাই গুরুত্ব দিয়েছেন এ রাজ্যগুলোর ভোটারদের মন জয় করতে। আর আপাতদৃষ্টিতে তাতে সফল হয়ে আবার চার বছরের জন্য হোয়াইট হাউজে গেলেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৪৯ ঘ.