ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দেশের জন্য সেরাটা দেয়ার অপেক্ষায় তিনি।
ভোটের প্রাথমিক ফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো ওবামার নিশ্চিত বিজয়ের খবর দেয়ার পর স্ত্রী মিশেল, দুই মেয়ে শাসা ও মালিয়াকে নিয়ে শিকাগোতে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আসেন ওবামা।
বিজয় মঞ্চে দাঁড়িয়ে ক্লান্ত, কিন্তু উজ্জীবিত ওবামা বলেন, “আমরা একটি আমেরিকান পরিবার এবং যারা একসঙ্গে উঠে দাঁড়াতে জানে, পতনেও থাকে একসঙ্গে।”
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওবামা পেয়েছেন ৩০৩ ইলেকটোরাল ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬ ভোট।
ওবামার এই জয়ের পিছনে সংখ্যালঘু, নারী ও উদারপন্থীদের সমর্থন বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে সিএনএন।
ওবামার জয়ে শিকাগোয় তার নির্বাচনী দপ্তরে উল্লসিত সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন ওবামা।
পরিবর্তনের জন্য যে কথা বলে ২০০৮ সালে তিনি প্রথম রাষ্ট্রক্ষমতায় আসেন সে লক্ষ্য অর্জনের পথ কঠিন হলেও প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি।
ওবামা বলেন, “এই নির্বাচনে আজ রাতে আমেরিকার জনগণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে, আমাদের পথ কঠিন আর লড়াই দীর্ঘ হলেও আমরা উজ্জীবিত। আমরা সঠিক পথে রয়েছি এবং আমরা হৃদয়ে অনুভব করি যে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য সেরাটা এখনো আসার অপেক্ষায়।”
সবার জন্য সমান সুযোগের যে স্লোগান নিয়ে তিনি মানুষের কাছে ভোট চেয়েছেন তা এই জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন ওবামা।
তিনি বলেন, “অগ্রগতি আসবে ধাপে ধাপে। কোনো অচলায়তনের মধ্য দিয়ে এ যাত্রার শেষ হবে না।”
২০০৮ সালে অর্থনীতির এক কঠিন পরিস্থিতির মধ্যে প্রথম দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া ওবামা মনে করেন, তার সামনের দিনগুলোতেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
আর এসব ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করে তিনি বলেন, ‘অন্ধ আশাবাদ’ কখনো সামনে এগোনোর ক্ষেত্রে সমঝোতার প্রয়োজনীয়তার বিকল্প হতে পারে না।
ওবামার বক্তব্য শেষে তার পাশে উপস্থিত হন স্ত্রী ও দুই মেয়ে। তাদের সঙ্গে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারও।
ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ইতোমধ্যে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন।
বিজয়ী ওবামা সমর্থকদের সামনে দাঁড়িয়ে বলেন, “আমাদের ঐক্যকে আরো সুসংহত করার কাজ আরো সামনে এগিয়ে গেল আজ রাতে, যারা দুইশ বছরেরও বেশি সময় আগে ঔপনিবেশিক শাসন থেকে নিজেদের ভবিষ্যত নির্ধারণের অধিকার আদায় করেছিল।”
এর আগে নিজের ওয়েবসাইটে এক বার্তায় ভোটারদের উদ্দেশে ওবামা বলেন, “এ বিজয় কেবল ভাগ্যের জোরে নয়, এটি কোনো দুর্ঘটনাও নয়। আপনারাই এ জয়ের নায়ক।”
“আপনারা ইটের পর ইট গেঁথে এই বিজয় সাজিয়েছেন। পাঁচ ও ১০ ডলারের এই প্রচারণার সত্যিকার বিজয়ী এই আপনারা। এ কাজ যখন কঠিন হয়েছে তখন আরো প্ররিশ্রম করেছেন।”
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগামী মেয়াদে তিনি এই জনসমর্থনকে যথাযথ সম্মান দেখাবেন বলেও উল্লেখ করেন ওবামা।
“আমরা যা শুরু করেছিলাম তা শেষ করতে চেষ্টা করব। আমি চাই, আমার মতো আপনারও প্রথম হওয়া গৌরবের ভাগীদার হবেন।”
“আজ এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত, প্রতিকূলতা অতিক্রম করে সাধারণ আমেরিকানরা প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে জয়লাভ করতে পারে”, যোগ করেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৫১৯ ঘ.
bdnews24