নিউ ইয়র্ক, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় স্যান্ডিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এক সপ্তাহ না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সির ওপর দিয়ে ঘণ্টায় ৫০ মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এ সময় সেখানে কয়েক ইঞ্চি তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
“স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এটা প্রভাব ফেলবে”, বলেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা ব্রুস টেরি।
নর্থ ইস্টার নামের এ সামুদ্রিক ঝড়ে ব্রিজি পয়েন্টের মতো উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
গত ২৯ অক্টোবর রাতে ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঝড় স্যান্ডি। এতে নিহত হয় শতাধিক লোক। ১৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ জার্সি ও নিউ ইয়র্ক শহরের নিচু এলাকা। আটলান্টিক সিটিও চলে যায় প্রায় ৮ ফুট পানির নিচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১৫০ ঘ.
bdnews24