ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি বোস্টনের বেলমন্টে নিজের ভোট দিয়েছেন।
মঙ্গলবার সকালে ভোট দেয়ার পর নিজের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার বিষয়ে তিনি স্বস্তিবোধ করছেন বলে জানান।
এরপর তিনি তার স্ত্রী অ্যানকে চুমু খেয়ে ভোটকেন্দ্র থেকে বিদায় নেন এবং শেষ মুহূর্তের প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ইলেকটোরাল রাজ্য ওহাইয়ো ও পেনসেলভেনিয়ার শহর ক্লিভল্যান্ড ও পিটসবার্গের উদ্দেশে যাত্রা করেন।
বয়স্কদের জন্য একটি কম্যুনিটি সেন্টারে স্থাপিত ভোটকেন্দ্রে পাশাপাশি ভোট দেয়ার সময় রমনির পরনে ছিল ধূসর ও তার স্ত্রী অ্যানের পরনে ছিল নীল রঙের পোশাক।
কাকে ভোট দিয়েছেন তা জানতে চাইলে স্বস্তি ও সুখী চেহারা নিয়ে রমনি উত্তর দেন, “আমার মনে হয়, আমি তা জানি।”
ম্যাসাচুসেটসের সাবেক এই গভর্নরের কাছে কেমন বোধ করছেন জানতে চাইলে তিনি জবাব দেন, “খুব ভাল, খুব ভাল।”
দোদূল্যমান রাজ্যগুলোর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন, সেই ওহাইয়োতে তার জয়ের সম্ভাবনার বিষয়ে রমনি বলেন, “ওহাইয়ো সম্পর্কে খুব ভাল বোধ করছি।”
রমনির সঙ্গে রিপাবলিকান দলের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ানও মঙ্গলবার সকালেই উইসকনসিনে তার নিজ শহর জেনসভিলে হেডবার্গ পাবলিক লাইব্রেরি কেন্দ্রে গিয়ে সপরিবারে ভোট দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এএমটি/০২২৮ ঘ.
bdnews24