ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে প্রধান দুই প্রার্থী ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে।
মিশিগান, উইসকনসিন, আইওয়া ও পেনসিলভানিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে নিশ্চিত জয়ের পথে রয়েছেন বারাক ওবামা। অন্যদিকে আগের দফায় ওবামার দখলে থাকা নর্থ ক্যারোলাইনা ও ইন্ডিয়ানাসহ রিপাবলিকানদের নিজের এলাকা হিসাবে পরিচিত বেশ কয়েকটি রাজ্যে নিশ্চিতভাবে এগিয়ে আছেন রমনি।
সবার নজর এখন ওহাইও, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার দিকে, যে রাজ্যগুলোকে বলা হচ্ছে ব্যাটলগ্রাউন্ড স্টেট।
অবশ্য ভোট দিয়ে আসা নাগরিকদের সমর্থনের হিসাব কষে গণমাধ্যমগুলো ফলাফলের যে পূর্বাভাস দিয়েছে সে অনুযায়ী
বারাক ওবামা পাচ্ছেন ২৫১ ইলেকটোরাল ভোট; আর মিট রমনি পাচ্ছেন ২০২ ইলেকটোরাল ভোট।
আগামী চার বছরের জন্য দেশের দায়িত্ব ওবামার হাতেই থাকবে, না রমনি পাবেন- তা নির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১২ কোটি ভোটরের রায় দেওয়া প্রায় শেষের পথে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ হতে শুরু করেছে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা)। পশ্চিমের রাজ্যগুলোতে ভোট শেষ হতে হতে পূর্বের প্রাথমিক ফল ঘোষণাও শুরু হয়ে যাবে। হোয়াইট হাউজে যেতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।
ভার্জিনিয়া এবং ফ্লোরিডার মতো ফল নির্ধারণী রাজ্যগুলো এবং বিশেষত ওহাইয়ো থেকে ফল আসতে শুরু করলেই আভাস পাওয়া যাবে কে যাচ্ছেন হোয়াইট হাউজে। স্থানীয় সময় সন্ধ্যা ৮টার মধ্যেই এ তিন রাজ্যের ভোট শেষ হচ্ছে।
রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত ইন্ডিয়ানা এবং কেনটাকিতে ভোট শেষ হয় মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। আর দেশজুড়ে আরো ৬ ঘণ্টা পর শেষ হবে ভোটগ্রহণ।
সর্বশেষ জনমত জরিপগুলোতে ওবামা-রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে, প্রেসিডেন্ট ওবামা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ রাজ্যগুরোতে কিছুটা এগিয়ে আছেন বলেও বলা হয়েছে জরিপে। অবশ্য ভোটদানের হার কতোটা বেশি তা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার শিকাগোর একটি প্রচারকেন্দ্রে প্রেসিডেন্ট হিসেবে নিজের আবারো নির্বাচিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করে ওবামা বলেন, আমি গর্ভনর রমনিকে তার উদ্দীপ্ত প্রচারণার জন্য অভিনন্দন জানাই। আমি জানি তার সমর্থকরা দারুণভাবে যুক্ত থেকে উৎসাহের সঙ্গে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।”
অন্যদিকে, দোদূল্যমান রাজ্যগুলোর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন, সেই ওহাইয়োতে নিজের জয়ের সম্ভাবনার বিষয়ে মিট রমনি বলেন, “ওহাইয়ো সম্পর্কে খুব ভাল বোধ করছি।”
বোস্টনের বেলমন্টে ভোট দেওয়ার পরপরই স্বস্তি ও সুখী চেহারা নিয়ে রিপাবলিকান প্রার্থী রমনি একথা বলেন।
মঙ্গলবার সারাদেশে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই প্রায় ৩ কোটি ভোটার ভোট দিয়েছেন। ৩০টিরও বেশি রাজ্য আগাম ভোট এবং অনুপস্থিত ভোটারদের দূর থেকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ায় ইতোমধ্যেই এ ভোট পড়েছে। এ ভোটের পরিমাণ ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পড়া মোট ভোটের প্রায় এক-চতুর্থাংশ।
মঙ্গলবার প্রথম প্রহরে (বাংলাদেশ সময় বেলা ১১টা) যুক্তরাষ্ট্রের পুর্ব উপকূলের প্রায় সবাই যখন ঘুমে, নিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলের ছোট দুটি গ্রামে তখই শুরু হয়ে যায় ভোট গ্রহণ। ডিক্সভাইল নচ ও হার্টস লোকেশনের ভোটাররা ১৯৪৮ সাল থেকেই প্রথা অনুযায়ী এভাবে সবার আগে ভোট দেওয়ার সুযোগ উপভোগ করে আসছেন।
ওই দুই জায়গায় ভোটের পর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলসহ মিডওয়েস্টের কয়েকটি জায়গায় খুলে দেয়া হয় ভোটকেন্দ্রগুলো।
ওবামা ভোট দিয়ে দিয়েছেন অনেক আগেই। আর রমনি মঙ্গলবার ভোট দিয়েছেন ম্যাসাচুসেটস এ বোস্টন শহরের একটি শহরতলীতে তার বাড়ির কাছের এক কমিউনিটি সেন্টারে। নির্বাচনের দিনও রমনি ওহাইওসহ কয়েক জায়গায় প্রচারাভিযান চালিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর নিউ হ্যাম্পশায়ার ও ভার্জিনিয়াসহ নয়টি রাজ্যে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোট গ্রহণ শুরু হয়।
৫০টি রাজ্যসহ ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণ শেষ হতে হতেই কেন্দ্রফেরত ভোটারদের ওপর জরিপের ফল জেনে যাবে বিশ্ব।
আনুষ্ঠানিক ফল ঘোষণায় আরো সময় লাগলেও বাংলাদেশ সময় বুধবার দুপুরের পরই স্পষ্ট হয়ে যাবে- ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির মধ্যে কে যাচ্ছেন হোয়াইট হাউজে।
অবশ্য প্রায় ৪০ শতাংশ ভোটার এবার আগাম ভোট দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে।
আর নিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলের ছোট দুটি গ্রামে হয়ে যাওয়া ভোটের প্রথম ফলে ইতোমধ্যেই দেখা গেছে ডিক্সভাইল নচ এ ওবামা এবং রমনি দুজনই সমান ৫-৫ ভোট পেয়েছেন। আর হার্টস লোকেশনে ওবামা পেয়েছেন ২৩ এবং রমনি ৯ ভোট।
সর্বশেষ জরিপে দেখা গেছে ওবামা ও রমনির ব্যবধান সামান্য। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সোমবারের জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৮ শতাংশ ওবামাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। আর ৪৬ শতাংশ বলেছেন রমনির কথা।
নির্বাচনে ফল এখন নির্ধারিত হওয়াটা এখন নির্ভর করবে ভোটার উপস্থিতির ওপর। বিশেষত কতজন রিপাবলিকান, ডেমোক্র্যাট, শ্বেতাঙ্গ, সংখ্যালঘু জনগোষ্ঠী, তরুণ, বৃদ্ধ এবং স্বতন্ত্র ভোটার ভোটকেন্দ্রে যাচ্ছেন তার ওপর।
আবহাওয়ার কারণে এ নির্বাচনে ভোটার উপস্থিতিতে তারতম্য ঘটার আশঙ্কা করা হয়। দেশের বেশির ভাগ এলাকাতেই আপাতত শুষ্ক এবং মৃদু মন্দ আবহাওয়া বিরাজ করলেও মঙ্গলবার দিনশেষে ফ্লোরিডাসহ দেশের দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে।
জনসমর্থনের দিক দিয়ে কম ব্যবধান নিয়ে দুই প্রার্থীর এ প্রতিযোগিতায় ২০০০ সালের নির্বাচনের মতো বিতর্কিত ফল হওয়ারই আশঙ্কা করা হচ্ছে। ওই বছর রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের নির্বাচনের ফল শেষ পর্যন্ত নির্ধারণ করেছিল সুপ্রিম কোর্ট।
এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা ২৭ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেবল ওবামা আর রমনি। নির্বাচনের অন্তিম মুহূর্তেও বিশ্লে¬ষকরা দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন।
নির্বাচনের আগের দিন তাই দোদুল্যমান ভোটারদের দলে টানতে মরিয়া প্রচার চালিয়েছেন প্রধান দুই প্রার্থী। শেষ দিনের প্রচারযজ্ঞে শমিল হন তাদের স্ত্রীরাও। বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা আর রমনির স্ত্রী অ্যান রমনি শেষ মুহূর্তে নিজ নিজ স্বামীর পক্ষে ভোট জনগণকে রাজি করানোর চেষ্টা চালিয়ে গেছেন।
ওবামার চার বছরের শাসনামলে দেশ কতটা এগিয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে স্বামীর পক্ষে ভোট চেয়েছেন মিশেল। অন্যদিকে, রমনিকে সব দিক থেকে একজন সফল মানুষ হিসাবে তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন অ্যান।
মিট রমনি সোমবার ফ্লোরিডা, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও ওহাইওয় প্রচারে নামেন। এর মধ্যে ফ্লোরিডায় তিনি এগিয়ে আছেন বলে নির্বাচনী জরিপগুলোয় দেখা গেছে। একই অবস্থান রয়েছে ভার্জিনিয়াতেও।
দু’প্রার্থীর শেষ প্রচারে অর্থনীতির বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্কই প্রাধান্য পায়। ওবামার শাসনামলে অর্থনৈতিক রেকর্ড নিয়ে প্রচার চালিয়েছেন রমনি।
ওবামা যুক্তরাষ্ট্রে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টির দাবি করলেও বেকারত্ব যে কমেনি সেদিকেই ইঙ্গিত করছেন রিপাবলিকান প্রার্থী। তার দাবি, ওবামা দেশে পরিবর্তন নিয়ে আসার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, ওবামা অর্থনৈতিক অগ্রগতির প্রতিবেদন ভোটারদের সামনে তুলে ধরে বলেন, তিনি উন্নতি করেছেন। কিন্তু সেই কাজ শেষ করার জন্য তার আরেকবার ক্ষমতায় আসা প্রয়োজন।
ওবামা সোমবার প্রচার চালান উইসকনসিন, আইওয়া আর ওহাইওতে। এই তিন রাজ্যে জয়ের পাল¬া সামান্য ঝুঁকে রয়েছে ওবামার দিকেই।
দুই প্রার্থীই প্রচারাভিযান শেষ করেছেন ওহাইও অঙ্গরাজ্যে। বিশ্লে¬ষকরা বলছেন, এ রাজ্যে জয় পাওয়া বিশেষ করে রমনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ রাজ্যে জিততে না পারলে নির্বাচনী দৌড়ে জয় পাওয়া রমনির জন্য কঠিন হয়ে যাবে।
২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামার পক্ষে যে গণজোয়ার দেখা গিয়েছিল, এবার তাতে কিছুটা ভাটা পড়েছে। তবে রমনির পক্ষেও নিরঙ্কুশ জনসমর্থনের ঢেউ জাগেনি। ফলে দুই শিবিরই স্নায়ুচাপে আছে।
রমনি শ্বেতাঙ্গ, বয়স্ক ও ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, নারী, অশ্বেতাঙ্গ ও যুবকদের মধ্যে জনপ্রিয় ওবামা। এছাড়া, দোদুল্যমান গুরুত্বপূর্ণ ৯টি অঙ্গরাজ্যে কিছুটা এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট।
বিশ্লে¬ষকরা বলছেন, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা প্রভৃতি ইস্যুতে এই দুই নেতার নীতিকে আমলে নিয়েই চূড়ান্ত রায় দিচ্ছেন ভোটাররা।
অবশ্য যুক্তরাষ্ট্রের নিয়মে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের মাধ্যমে। জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট সংখ্যা নির্ধারিত হয়। একটি রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, ওই রাজ্যের ইলেকটোরাল ভোটগুলো তার ঝুলিতেই যাবে।
যে প্রার্থী অন্তত ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হবেন বিজয়ী। ২০০৮ সালে ওবামা পেয়েছিলেন ৩৬৫টি ইলেকটোরাল কলেজ ভোট এবং পপুলার ভোট পেয়েছিলেন ৫২.৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/জেকে/এইচএইচ/এএমটি/জেকে/১০১৩ ঘ.
bdnews24