ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের দিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথা অনুযায়ী বাস্টেকবল খেলে ও বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ভোটের দিন পার করবেন। অন্যদিকে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি প্রচারাভিযানের মাধ্যমে কাটাবেন দিনটি।
ভোটের দিন মঙ্গলবার পরিবার-পরিজন নিয়ে হাইড পার্কের বাসায় ঘুম থেকে উঠেন ওবামা। এরপর স্ত্রী মিশেল ওবামাকে সঙ্গে নিয়ে লোয়া অঙ্গরাজ্যের রাজধানী দেস ময়নেসে সর্বশেষ সমাবেশ শেষে দ্রুত নিজ শহর শিকাগোতে চলে যান। এসময় তাদের সঙ্গে দুই মেয়ে মালিয়া ও সাশাও ছিলেন।
এরপর বেশ কয়েকটি রেডিও ও টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন তিনি। এছাড়া প্রথাগতভাবে সাবেক ব্যক্তিগত উপদেষ্টা রেগি লাভ ও শিকাগোর কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে বাস্কেটবল খেলার কথা রয়েছে তার।
এরপর নির্বাচনী ফলাফলের সময় ঘনিয়ে আসলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কি হয় তা দেখবেন। এরপর ভোরের দিকে শিকাগোর সম্মেলন কেন্দ্র ম্যাককরমিক প্লেসে’র লেকসাইড সেন্টারে সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন বা দুঃখ ভাগ করতে যাবেন।
অন্যদিকে নির্বাচনের দিন দুটি অঙ্গরাজ্য- ওহিয়ে ও পেনসিলভেনিয়ায় রমনি প্রচারাভিযান চালাবেন বলে জানিয়েছে তার প্রচার কর্মকর্তারা।
মিট রমনি ও তার স্ত্রী অ্যান রমনি ইতোমধ্যে তাদের ভোট প্রদান করেছেন। ভোট শেষে তার জয়ের সম্ভবানা আছে জানিয়ে তিনি ‘পুলক’ অনুভব করছেন বলে মন্তব্য করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/০১১৩ ঘ.
bdnews24