ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানা প্রশ্ন মনে জাগতেই পারে; যেমন: কেন মঙ্গলবার ভোট হয়? কেন নভেম্বর মাসকে বেছে নেয়া হয়েছে? কেন রিপাবলিকানদের মার্কা হাতি আর ডেমোক্র্যাটদের মার্কা গাধা ইত্যাদি। এবার জেনে নেয়া যাক এসব প্রশ্নের উত্তর:
কেন নির্বাচন সবসময় নভেম্বর মাসে এবং মঙ্গলবার দিন অনুষ্ঠিত হয়?
এর কারণ মূলত আবহাওয়া, ফসল কাটার সময় ও উপাসনা। আগে ভোটাররা ঘোড়ায় চড়ে বা ঘোড়ার গাড়িতে ভোটকেন্দ্রে যেত। ফলে রোববার প্রার্থনা করে তারা ঘোড়ায় চড়ে সোমবার নিজের এলাকায় যেত। এরপর মঙ্গলবার ভোট দিত। আর এই সব কাজই শেষ হয়ে যেত বুধবারের মার্কেট ডে’র আগে।
ওদিকে, নভেম্বর মাসটি ফসল কাটার মৌসুম ও তীব্র শীতের মাঝামাঝি বলে এ মাসটিকেই নির্বাচনের সময় হিসাবে বেছে নেয়া হয়েছে। এছাড়া তীব্র শীতে ঘোড়ায় চড়ে বা ঘোড়ার গাড়িতে যাওয়া যথেস্ট কষ্টকর বলে তারা এ সিদ্ধান্ত নিয়েছিল।
কেন রিপাবলিকানদের মার্কা হাতি আর ডেমোক্র্যাটদের গাধা?
তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৮৭৪ সালে। কার্টুনিস্ট থমাস নাস্ট তার “দ্য থার্ড টার্ম পেনিক” নামক চিত্রে রিপাবলিকান ভোটকে ফুটিয়ে তুলতে একটি হাতিকে ব্যবহার করেছিলেন। কার্টুনটি নিউইয়র্কভিত্তিক রাজনৈতিক ম্যাগাজিন ‘হারপার’স উইকলি’তে প্রকাশিত হয়।
তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট উইলিসেস এস. গ্রান্ট তৃতীয় বারের মত প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়ায় তার তীব্র সমালোচনা করেন নিউ ইয়র্ক হেরাল্ডের মালিক। এরপরই ওই কার্টুনটি প্রকাশিত হয়।
এরপর বনে হাতি বা রিপাবলিকান ভোটের ভয়ে জুবুথুতু গাধার কার্টুন ছাপায় নিউইয়র্ক হেরাল্ড।
কিন্তু ওই গাধা থেকে ডেমোক্র্যাটদের মার্কা গাধা আসেনি। যুক্তরাষ্ট্রের ৭ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের দৃষ্টিভঙ্গি ও শ্লোগান ছিল “জনগণকে শাসন করতে দাও”। তার এ নীতির সমালোচকরা তাকে ‘গাধা’ বলে অভিহিত করেন।
জ্যাকসন এ সমালোচনা মাথায় নিয়ে তার নীতিতে অটল থাকেন। এমনকি পরবর্তীতে তার নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনে গাধার ছবি ব্যবহার করেন। আর এ থেকেই কার্টুনিস্ট নাস্ট ডেমোক্রেটিক দলকে চিত্রায়িত করার জন্য গাধার ছবি ব্যবহার করেছিলেন।
আর সেই থেকে ডেমোক্রেটদের গাধা আর রিপাবলিকানদের মার্কা হাতি- এ প্রথা চালু হয়ে যায়।
কেন ডেমোক্র্যাটিক অঙ্গরাজ্য বোঝাতে ‘নীল’ আর রিপাবলিকান অঙ্গরাজ্য বোঝাতে ‘লাল’ রঙ ব্যবহৃত হয়?
এ ব্যাপারে কোন যৌক্তিক ব্যাখ্যা নেই। গণমাধ্যমের ক্রমাগত ব্যবহারে এমনটি হয়ে গেছে। তবে উভয় রঙই যুক্তরাষ্ট্রের পতাকায় রয়েছে।
উভয় প্রার্থী সমান ইলেকটোরাল ভোট পেলে কী হবে?
উভয় প্রার্থী সমান ইলেকটোরাল ভোট পেলে সংবিধানের ১২তম সংশোধনী অনুযায়ী, হাউজ অব রিপ্রেজেনটেটিভস প্রেসিডেন্ট নির্বাচন করবে। এবার এমনটি হলে মিট রমনিই প্রেসিডেন্ট হবেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে সিনেট। এক্ষেত্রে জো বাইডেন নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। আর এমন হলে এবার একটি বিভক্ত মার্কিন প্রশাসন তৈরি হবে।
কেন ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা?
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ২০ জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন। আগে এর চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হত প্রেসিডেন্টকে। ১৯৩৭ সাল পর্যন্ত ৪ মার্চের আগে প্রেসিডেন্ট শপথ গ্রহণ করতে পারত না। ভোট গণনা করতে সময় লাগায় এমন দেরী হত।
এরপর প্রযুক্তিগত উন্নতি হওয়ায় ২০তম সংশোধনীর মাধ্যমে ২০ জানুয়ারি দুপুরে প্রেসিডেন্ট তার কার্যক্রম শুরু করবেন বলে নির্ধারিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০২ঘ.
bdnews24