ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ৫৭তম প্রেসিডেন্ট নির্বাচনে গণমাধ্যমগুলোর পূর্বাভাস পক্ষে পাওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “আরো চার বছর”।
নিজের টুইটার থেকে ক্ষুদে বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পাওয়া এই ডেমোক্র্যাট নেতা।
ওবামার টুইটের সঙ্গে একটি ছবিও দেয়া হয়েছে যাতে, স্ত্রী মিশেলের আলিঙ্গনে আবেগ আপ্লুত ওবামাকে দেখা যাচ্ছে।
নিজস্ব ওয়েবসাইটে বারাক ওবামা ভোটারদের উদ্দেশে বলেন, “এ বিজয় কেবল ভাগ্যের জোরে নয়, এটি কোনো দুর্ঘটনাও নয়। আপনারাই এ জয়ের নায়ক।”
“আপনারা ইটের পর ইট গেঁথে এই বিজয় সাজিয়েছেন। পাঁচ ও ১০ ডলারের এই প্রচারণার সত্যিকার বিজয়ী এই আপনারা। এ কাজ যখন কঠিন হয়েছে তখন আরো প্ররিশ্রম করেছেন।”
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওবামাই আগামী চার বছর বিশ্বের সবচেয়ে প্রতাপশালী রাষ্ট্রটির নেতৃত্ব দেবেন। তিনি পেতে যাচ্ছেন ২৯০ ইলেকটোরাল ভোট। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি পাচ্ছেন ২০৩ ভোট।
ওবামা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগামী মেয়াদে তিনি এই জনসমর্থনকে যথাযথ সম্মান দেখাবেন।
“আমরা যা শুরু করেছিলাম তা শেষ করতে চেষ্টা করব। আমি চাই, আমার মতো আপনারও প্রথম হওয়া গৌরবের ভাগীদার হবেন।”
“আজ এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত, প্রতিকূলতা অতিক্রম করে সাধারণ আমেরিকানরা প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে জয়লাভ করতে পারে”, যোগ করেন ওবামা।
নিজের ওয়েবসাইটে সমর্থকদের উদ্দেশ্যে ওবামার ওই বর্তা শেষ হয়েছে এভাবে- “সামনে অনেক কাজ। তবে আজকের মতো এখানেই ধন্যবাদ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএএইচ/জেকে/১১২৮ ঘ.
bdnews24