ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২৫ জনের প্রাণহানিসহ প্রায় লাখখানেক মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজারেরও বেশি বাড়িঘর। মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।
ইতোমধ্যে বন্যায় আটকে পড়া দুই হাজারেরও বেশি মানুষকে সাহায্য পৌঁছে দেয়া হয়েছে বলে ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।
গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘুর্ণিঝড় ‘নিলমে’র প্রভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্ধ্রপ্রদেশের কিছ’ অংশ ও প্রতিবেশী রাজ্য তামিলনাড়–তে আঘাত হানে ঝড়টি। এ ঝড়ে ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের অন্তত ছয়টি এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বির্পযস্ত হয়েছে। ফসলেরও ক্ষতি হয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বিশাখাপত্তম, পূর্ব ও পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, গুন্টুর ও খাম্মাম।
জেষ্ঠ্য সরকারী কর্মকর্তা টি রাধা জানান, প্রায় ৯৫ হাজার মানুষকে রাষ্ট্রস্তাপিত প্রায় শতাধিক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব গোদাবরীতে পানিতে ডুবে অথবা বাড়িঘরের নিচে চাপা পড়ে।
অন্ধ্রপ্রদেশে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করণ কুমার রেড্ডিকে নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮১০ঘ.
bdnews24