ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শক্তিশালী ঘূর্ণিঝড় স্যান্ডি কবলিত হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সংগ্রামের মধ্যেই আরেকটি ঝড় নরইস্টারের হুমকিতে উদ্বিগ্ন নিউ ইয়র্ক, নিউ জার্সি ও অন্যান্য এলাকার অধিবাসীরা। তাদের এ উদ্বেগে নতুন মাত্রা যোগ করেছে প্রেসিডেন্ট নির্বাচন।
স্যান্ডিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে ভোটকেন্দ্রগুলো বিধ্বস্ত হয়ে যাওয়ায় ভোট নিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে নির্বাচনী কর্মকর্তাদেরকে। স্যান্ডি দুর্গতদের জন্য ভোটে অংশগ্রহণ সহজ করার জন্য তাদেরকে যে কোনো কেন্দ্রে ভোট দেয়ার সুযোগ দেয়া হচ্ছে।
কিন্তু স্যান্ডির দুর্ভোগ এখনো কাটিয়ে উঠতে না উঠতেই নতুন ঝড় নরইস্টারের আশঙ্কায় উদ্বিগ্ন অনেক ভোটারই এ মুহূর্তে নির্বাচন নিয়ে চিন্তা করতে পারছে না।
নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এক ভোটারের উক্তি, “ঠিক এ মুহূর্তে আমি ভোট দেয়ার কথা চিন্তা করতে পারছি না। এমনকি ভোট দিতে হলে কোথায় যাব তাও জানি না আমি।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে নতুন ঝড় নরইস্টারের প্রভাবে বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে। এরপর ধীরে ধীরে শুরু হবে প্রবল বর্ষণ। তার সঙ্গে থাকবে কনকনে শীতের প্রকোপ।
স্যান্ডির মতো অতটা ভয়াবহ না হলেও নতুন এ ঝড়টি বেশ শক্তিশালী হবে বলেই ধারণা করছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। স্বাভাবিক অবস্থায় এ ঝড় ততটা সমস্যা বয়ে আনার মতো না হলেও এ সময়ে স্যান্ডির ধ্বংসযজ্ঞের মধ্যে ঝড়টি অধিবাসীদের আরো বেশি দুর্ভোগে ফেলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৪ঘ.
bdnews24